উত্তর প্রদেশে ধর্ষকের রক্ষক রাজনীতিকরা: উমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পানিসম্পদমন্ত্রী উমা ভারতী। ছবি: এনডিটিভির সৌজন্যে
ভারতের পানিসম্পদমন্ত্রী উমা ভারতী। ছবি: এনডিটিভির সৌজন্যে

ভারতের পানিসম্পদমন্ত্রী উমা ভারতী বলেছেন, উত্তর প্রদেশ ভারতের একমাত্র রাজ্য যেখানে রাজনীতিবিদেরা ধর্ষকদের রক্ষা করেন। তিনি বলেন, নারীর প্রতি সহিংসতার ক্ষেত্রে রাজ্যটি ক্রমেই সংবেদনশীলতা হারিয়ে ফেলছে।

এনডিটিভির খবরে বলা হয়, লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের ঝাঁসি আসন থেকে নির্বাচিত হওয়ার পর আজ বৃহস্পতিবার ওই আসনের সাংসদ হিসেবে শপথ নেন বিজেপির নেত্রী উমা ভারতী। শপথ নেওয়ার পর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সমালোচনা করে তিনি এসব কথা বলেন।

উত্তর প্রদেশে গত কয়েক দিনে বেশ কিছু ধর্ষণের ঘটনা ঘটায় রাজ্যটিতে নারীদের নিরাপত্তার বিষয়টি আলোচনায় আসে। গত ২৭ মে রাজ্যের বদাউন জেলায় দলিত সম্প্রদায়ের দুই কিশোরীকে গণধর্ষণ ও হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে দেওয়ার ঘটনা দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করে। এর এক সপ্তাহ পর সীতাপুর এলাকায় একই ধরনের ঘটনার শিকার হয় আরও এক কিশোরী। এরপর গত সোমবার রাজ্যের আলীগড় শহরে একজন অতিরিক্ত বিচারককে তাঁর ‘সুরক্ষিত’ বাসভবনে ধর্ষণের চেষ্টা করে দুর্বৃত্তরা। এতে মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের নেতৃত্বাধীন রাজ্য সরকার অত্যন্ত বিব্রতকর অবস্থায় পড়েছে।

কয়েক মাস আগে অখিলেশ যাদব মন্তব্য করেছিলেন, ‘ধর্ষণের ঘটনায় কি ফাঁসি দেওয়া উচিত? এরা অল্প বয়সী ছেলে, এরা ভুল করে থাকে।’ অখিলেশের ভাই রাম গোপাল যাদব গতকাল মন্তব্য করেন, অনেক ক্ষেত্রে নারী-পুরুষের সম্পর্কের বিষয়টি ফাঁস হয়ে গেলে একে ধর্ষণ হিসেবে চিহ্নিত করা হয়। উত্তর প্রদেশের ধর্ষণ ও আক্রমণের ঘটনাগুলোর পেছনে টিভি চ্যানেলগুলোতে প্রচারিত অশ্লীলতা ও সহিংসতার প্রভাব রয়েছে বলে তিনি মন্তব্য করেন। তাঁদের এসব মন্তব্য ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে।