ভারতের উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের প্রচারণা শুরু করেছেন ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী। গতকাল সোমবার রাজ্যের এলাহাবাদ জেলার ফুলপুর নির্বাচনী আসন থেকে দলের পক্ষে তিনি প্রচারণা শুরু করেন। আগামী বছর এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।প্রচারণার প্রথম দিনেই ফুলপুরে এক সমাবেশে উত্তর প্রদেশের ক্ষমতাসীন মায়াবতী সরকারের কঠোর সমালোচনা করে রাহুল বলেন, দেশ যেখানে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেখানে উত্তর প্রদেশ যাচ্ছে পেছনের দিকে। রাজ্যে অনেক পরিবর্তন দেখা যাচ্ছে। কিন্তু কোনো অগ্রগতি হয়নি।উত্তর প্রদেশের এ আসন থেকে একসময় রাহুলের প্রমাতাসহ ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু প্রতিনিধিত্ব করেছেন। গতকাল বক্তব্য শুরুর প্রথমেই নেহরুকে স্মরণ করেন রাহুল। গতকাল নেহরুর জন্মদিনও ছিল।কংগ্রেস নেতা উত্তর প্রদেশে ‘মাফিয়া শাসন’ প্রতিষ্ঠার জন্য মায়াবতী সরকারের সমালোচনা করে বলেন, তিনি উত্তর প্রদেশে অসংখ্যবার সফরের মাধ্যমে জনগণের সমস্যা সম্পর্কে জানতে পেরেছেন।গতকালের সমাবেশে কেন্দ্রীয় মন্ত্রী সালমান খুরশিদ, বেনি প্রসাদ ভার্মা, শ্রীপ্রকাশ জাসওয়ালসহ উত্তর প্রদেশের কংগ্রেস নেতারা যোগ দেন।রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, সমাবেশে রাহুলের বক্তৃতা কংগ্রেস ও রাজ্যের ক্ষমতাসীন বহুজন সমাজ পার্টির মধ্যে বাগ্যুদ্ধ আরও তীব্র করে তুলতে পারে। ভারতে উদীয়মান রাজনৈতিক তারকা হিসেবে রাহুলকে দেখা হচ্ছে। এ ছাড়া অনেকে তাঁকে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন। বিশ্লেষকেরা বলছেন, কংগ্রেস আগামী নির্বাচনে লোকসভায় তাদের আসন সংখ্যা বাড়াতে চাচ্ছে। বর্তমানে এই রাজ্যে লোকসভার ৮০ আসনের মধ্যে কংগ্রেসের রয়েছে ২২টি আসন।রাহুল উত্তর প্রদেশের আমেথি আসন থেকে লোকসভার নির্বাচিত সদস্য। তাঁকে মায়াবতী ও তাঁর সরকারের কট্টর সমালোচক হিসেবে দেখা গেছে। গত বছর মায়াবতী সরকারের ভূমি অধিগ্রহণ নীতি ও রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব ছিলেন রাহুল। এ ছাড়া তিনি মায়াবতী সরকারের জোর করে ভূমি অধিগ্রহণের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনে যোগ দেন।বিশ্লেষকেরা বলছেন, ভারতের জনবহুল ও রাজনৈতিকভাবে প্রভাবশালী এ রাজ্যের নির্বাচন জনপ্রিয় মায়াবতী ও প্রভাবশালী রাহুল গান্ধীর মধ্যে ব্যক্তিত্বের প্রতিযোগিতায় পরিণত হয়েছে। পিটিআই ও বিবিসি।