উত্তর প্রদেশে পরপর ধর্ষণের ঘটনায় ক্ষোভ
ভারতের উত্তর প্রদেশে দুই কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের গড়িমসির অভিযোগে ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকাবাসী৷ তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন৷ এ অবস্থার মধ্যেই একই রাজ্যে আরও এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷ খবর এনডিটিভি, বিবিসির৷
রাজ্যের বাদুয়ান শহরের কারতা গ্রাম থেকে গত বুধবার একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় দুই কিশোরীর লাশ উদ্ধার করা হয়৷ তারা সম্পর্কে চাচাতো বোন৷ ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের মধ্যে তিনজনকে পুলিশ গতকাল শুক্রবার গ্রেপ্তার করেছে৷ নিহত এক কিশোরীর বাবা বলেন, নিখোঁজ মেয়ের সন্ধানে থানায় গেলে পুলিশ তাঁর সঙ্গে দুর্ব্যবহার করে৷
একই রাজ্যের আজমগড় জেলায় বুধবার এক তরুণী গণধর্ষণের শিকার হয় বলে অভিযোগ পাওয়া গেছে৷ পুলিশ গতকাল শুক্রবার জানায়, জেলার সরাইমির এলাকা চার ব্যক্তি ১৭ বছর বয়সী মেয়েটিকে ধরে একটি ফসলের খেতে নিয়ে ধর্ষণ করে৷