উত্তর প্রদেশে ভোট গণনা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে সাতটি ধাপে ভোট গ্রহণের পর আজ মঙ্গলবার থেকে ভোট গণনার কাজ শুরু হচ্ছে। ভোট-পরবর্তী জনমত জরিপে আভাস মিলেছে, নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে চলেছে সমাজবাদী পার্টি।নির্বাচনের চূড়ান্ত ফলে জনমত জরিপের প্রতিফলন ঘটলে সমাজবাদী দলের প্রধান মুলায়ম সিং যাদবকে উত্তর প্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দেখা যেতে পারে।সমাজবাদী দলের রাজ্য সভাপতি অখিলেশ যাদব গতকাল সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনী সাফল্যের জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি। সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।’নির্বাচনে জয়ের পর কাকে মুখ্যমন্ত্রী করা হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অখিলেশ যাদব জানান, সবার পছন্দের ব্যক্তি হচ্ছেন ‘নেতাজি’ (মুলায়ম সিং যাদব)।তবে কিছু জরিপের ফলাফল আভাস দিচ্ছে, উত্তর প্রদেশে ঝুলন্ত পার্লামেন্ট হওয়ার আশঙ্কা রয়েছে।উত্তর প্রদেশে দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে রয়েছে কংগ্রেস। দলটির ভবিষ্যৎ কাণ্ডারি রাহুল গান্ধীর পরিশ্রমসাধ্য প্রচারণার পরও বিভিন্ন জনমত জরিপের ফলাফল আভাস দিচ্ছে, উত্তর প্রদেশের বিধানসভার ভোটের ফলাফলে এবারও কংগ্রেস সুবিধা করতে পারবে না।পর্যবেক্ষকেরা কংগ্রেসের সম্ভাব্য বিপর্যয়ের জন্য রাহুলের চেয়ে রাজ্যে দলটির সাংগঠনিক দুর্বলতাকেই বেশি দায়ী করছেন।কিছু জরিপ বলছে, নির্বাচনে কংগ্রেস বড়জোর ৮০টি আসন পেতে পারে। আসনের হিসাবে রাজ্যে দলটির অবস্থান হবে চতুর্থ। এমনকি কংগ্রেসের জাতীয় প্রতিদ্বন্দ্বী বিজেপিরও পেছনে থাকতে পারে দলটি। পিটিআই, টাইমস অব ইন্ডিয়া।