উত্তর প্রদেশের দুর্গা ইস্যু কেন্দ্রীয় রাজনীতিতে
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) দুর্গা শক্তি নাগপালের বিষয়টি এখন জাতীয় রাজনীতির আলোচিত ঘটনায় পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সরকার দুর্গাকে বরখাস্তের পক্ষে অবস্থান নিয়েছে। আর কংগ্রেসের প্রধান ও ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) চেয়ারপারসন সোনিয়া গান্ধী এই ইস্যুতে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে চিঠি লিখেছেন।গতকাল রোববার কেন্দ্র থেকে উত্তর প্রদেশ রাজ্য সরকারের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে এসডিএম দুর্গাকে বরখাস্ত করার বিষয়ে বিস্তারিত প্রতিবেদন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।গৌতম বুদ্ধ নগরের এসডিএম দুর্গা সম্প্রতি অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে একটি মসজিদ চত্বরের দেয়াল ভেঙে দেওয়ার নির্দেশ দেন। এরপর তাঁকে বরখাস্ত করে উত্তর প্রদেশ সরকার। তবে দুর্গার সমর্থকেরা অভিযোগ তুলেছেন, প্রভাবশালী অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর আইনি পদক্ষেপ নেওয়ার জেরেই সরকার তাঁকে বরখাস্ত করে।উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশের দল সমাজবাদী পার্টি (এসপি) ইউপিএ জোটের গুরুত্বপূর্ণ শরিক দল। তার পরও দুর্গা ইস্যুতে তাদের অবস্থান আলাদা। উত্তর প্রদেশের সরকার বলেছে, দুর্গাকে বরখাস্তের সিদ্ধান্ত ঠিকই আছে। কারণ তিনি যে দেয়াল ভাঙার নির্দেশ দিয়েছিলেন, তাতে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।এসডিএম দুর্গা যেন ‘অন্যায্য আচরণের শিকার না হন’ তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর প্রতি চিঠি লিখে আহ্বান জানিয়েছেন সোনিয়া। দুর্গা ইস্যুতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লেখায় সোনিয়ার সমালোচনা করেছেন এসপির জ্যেষ্ঠ নেতা নরেশ আগরওয়াল। তিনি সোনিয়ার উদ্দেশে বলেন, ‘হরিয়ানার আইএএস কর্মকর্তা অশোক খেমা যখন আপনার জামাতা রবার্ট ভদ্রের বিরুদ্ধে জমিসংক্রান্ত চুক্তিতে অনিয়মের অভিযোগ করেন, তখন খেমাকে বদলি করা হয়। তখন তো আপনি প্রধানমন্ত্রীর কাছে চিঠি লেখেননি?’প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টিও (বিজেপি) প্রধানমন্ত্রীর কাছে সোনিয়ার চিঠি পাঠানোর সমালোচনা করেছে। বিজেপির সভাপতি রাজনাথ সিং বলেন, প্রধানমন্ত্রীর উচিত এ ব্যাপারে নিজের মতো করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। তিনি দুর্গার বরখাস্তের আদেশ প্রত্যাহার করতে উত্তর প্রদেশের সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে বরখাস্ত করা হয়েছে।এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, দুর্গার কঠোর পদক্ষেপের কারণে দিল্লির অদূরের নয়ডা ও গ্রেটার নয়ডা এলাকায় যমুনা নদী থেকে সাময়িকভাবে বালু উত্তোলন বন্ধ ছিল। এক সপ্তাহ আগে দুর্গাকে বরখাস্ত করার পর থেকে সেখানে প্রকাশ্যে অবৈধভাবে বালু তোলা হচ্ছে।এদিকে দুর্নীতিবিরোধী নেতা ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল ভবিষ্যতে তাঁর দলের হয়ে নির্বাচনে অংশ নেওয়ার জন্য দুর্গার প্রতি আহ্বান জানিয়েছেন। পিটিআই ও এনডিটিভি।