উত্তর প্রদেশের ভোটে এবার হিন্দুত্ববাদের পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোট দিতে আসা নারীরা ভোটার নিবন্ধনপত্র দেখাচ্ছেন। গতকাল উত্তর প্রদেশের মুরাদাবাদে।
ছবি: এএনআই

একটা ভাত টিপে পুরো হাঁড়ির হাল বোঝা যত সহজ, ভারতীয় ভোটারদের মন বোঝা ততটাই কঠিন। তবু উত্তর প্রদেশের দ্বিতীয় দফার ৫৫ আসনের ভোট প্রসঙ্গে এটুকু বলা যেতে পারে, দুই পর্বের ভোট শেষে বিরোধী শিবিরের উৎফুল্ল হওয়ার কারণ যথেষ্টই। পরবর্তী ধাপগুলোতে একই অবস্থা থাকলে উত্তর প্রদেশকে কেন্দ্র করে শাসক বিজেপির চিন্তা বাড়তে পারে।

উত্তর প্রদেশের সঙ্গে গতকাল সোমবার ভোট হলো উত্তরাখন্ড ও গোয়াতেও। বিকেল পাঁচটা পর্যন্ত উত্তর প্রদেশে ভোট পড়ে ৬০ শতাংশের কিছু বেশি। পাহাড়ি রাজ্য উত্তরাখন্ডে ৫৯ শতাংশ। প্রবল উৎসাহ ছিল গোয়ায়। সেখানে ভোট পড়েছে ৭৫ শতাংশের ওপর।

৪০ আসনের গোয়ার বিধানসভা তৃতীয়বারের মতো দখলে রাখার বিষয়ে বিজেপি কিঞ্চিৎ সন্দিহান। কারণ, ওই রাজ্যে তথা কেন্দ্রীয় বিজেপি নেতা মনোহর পারিক্কারের মতো জনপ্রিয় ও দক্ষ শাসক–সংগঠকের মৃত্যুর পর সেই অর্থে বড় নেতা দলটিতে নেই। তবে গোয়ায় ভরসার প্রদীপ জ্বেলে হাজির আম আদমি পার্টি (আপ) ও তৃণমূল কংগ্রেস। উত্তরাখন্ডেও পরপর দুবার কোনো দল ক্ষমতা দখল করতে পারেনি। ছয় মাসের মধ্যে দুবার মুখ্যমন্ত্রী বদলেছে বিজেপি। বুঝিয়েছে নিজেদের অসহায়তা। তবে সেখানেও তাদের চ্যালেঞ্জ আপ। এই দুই রাজ্যে আপের ভোট–কাটাকাটিতে কার দিকে পাল্লা ঝুঁকবে, কেউ জানে না।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথসহ অন্যান্যরা নির্বাচনী জনসভায়। গতকাল উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলায়।
ছবি: এএনআই

উত্তর প্রদেশের মোট ৪০৩ আসনের মধ্যে প্রথম দুই দফায় ভোট হলো ১১৩টিতে। অর্থাৎ এক–চতুর্থাংশেরও বেশি কেন্দ্রের মানুষ ইতিমধ্যে মত জানিয়ে দিয়েছেন। এই দুই পর্বের ১১৩ আসনের মধ্যে তারা পেয়েছিল ৯১টি। এবার এই দুই অঞ্চলেই তাদের অবস্থা ভালো নয়। এর প্রথম কারণ কৃষিপ্রধান পশ্চিম উত্তর প্রদেশে উত্তাল কৃষক আন্দোলন। দ্বিতীয় কারণ, হিন্দু জাট ও মুসলমানের বিভেদ ভুলে ‘কৃষকসত্তা’র উন্মেষ।

তৃতীয় কারণ, মুসলমানদের কাছের দল সমাজবাদী পার্টি (এসপি) ও জাটভিত্তিক রাষ্ট্রীয় লোক দলের (আরএলডি) জোটবদ্ধতা। চতুর্থ কারণ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অত্যধিক ‘ঠাকুরবাদ’। জাট ও মুসলিম জোট মোকাবিলায় বিজেপির ‘হিন্দুত্ব’ এবার সেভাবে কার্যকর হতে পারেনি। তা ছাড়া রয়েছে কোভিড, বেকারত্ব ও মূল্যবৃদ্ধির ছোবল।

কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী নির্বাচনী প্রচারণায় গিয়ে সমর্থকদের উদ্দেশে হাত নাড়ান। গতকাল উত্তর প্রদেশের কালপিতে।
এএনআই

গতকাল দ্বিতীয় দফার ভোট হলো রাজ্যের উত্তর–পশ্চিম প্রান্তের জেলাগুলোতে, যেখানে জেতা–হারার চাবিকাঠি মুসলমানদের হাতে। বেরিলি, মোরাদাবাদ, সাহারানপুর, রামপুর, শাহজাহানপুর, বিজনৌরের এই বিস্তীর্ণ অঞ্চল রোহিলখন্ড বলে পরিচিত। দল হিসেবে এই তল্লাটের বাদশাহ এসপি। উত্তর প্রদেশের রাজনীতিতে এই সম্প্রদায় এসপিকে যেভাবে আঁকড়ে রয়েছে, তার সঙ্গে তুলনীয় শুধু যাদব ও জাটভরা। মুসলমান ও যাদব যেমন এসপিকে কাছ ছাড়া করেনি, তেমনই করেনি জাটভ দলিতেরা মায়াবতীকে। তাই এবার এই দুই পর্ব বিজেপির কাছে সবচেয়ে বিপজ্জনক। হিন্দুত্বের হাওয়া তুলতে বিজেপি চেষ্টায় ত্রুটি রাখছে না। তবে ভোটে হিন্দুত্ববাদী সত্তা প্রাধান্য না পেলে বিজেপি এবার রক্ষা পাবে না।

বিজেপির ভরসা হিসেবে এবার দ্বীপের মতো মাথা তুলেছেন বহুজন সমাজ পার্টির (বিএসপি) মায়াবতী ও হায়দরাবাদী মুসলমান নেতা আসাউদ্দিন ওয়েইসি। যাদব–মুসলমান সমীকরণে ভাগ বসাতে ওয়েইসি বেশি সক্রিয় এ রোহিলখন্ডেই। কিন্তু এই মেরুকরণে আদৌ তিনি সফল হবেন কি? জাটভ ছাড়া অন্য সম্প্রদায় ২০১৭ ও ২০১৯–এর ভোটে মায়াবতীর প্রতি আকৃষ্ট হয়নি। তারা বেছে নেয় বিজেপিকে।

তবে মোদি–শাহর সেই বিখ্যাত ‘সোশ্যাল ইঞ্জিনিয়ারিং’ এবার খোলা চোখে দৃশ্যমান নয়। নয় বলেই উন্নয়ন, বিকাশ, অগ্রগতির কথা ভুলে বিজেপির প্রচারে শুধুই উগ্র হিন্দুত্ববাদের খোল–করতাল–দুন্দুভির নিনাদ। কিন্তু সেখানেও ঘর ধরে রাখা কঠিন।

বিজেপির জোট ছেড়ে বেরিয়ে এসেছে অনগ্রসরদের সুহেলদেব সমাজ পার্টি। মহান দল ধরেছে অখিলেশ যাদবের হাত। ভাঙন ধরেছে বিজেপির শরিক আপনা দলে এবং এসপিতে যোগ দিয়েছেন বিজেপির ১৪ জন প্রভাবশালী অনগ্রসর মন্ত্রী–বিধায়ক। এর প্রভাব পূর্বাঞ্চলসহ মধ্যাঞ্চলে কতটা পড়ে তার ওপর ঝুলে থাকবে রাজ্য নিয়ন্ত্রকের ভাগ্য।

সমাজবাদী পার্টির (এসপি) নেতা অখিলেশ যাদব নির্বাচনী জনসভায় বক্তব্য দেন। গতকাল উত্তর প্রদেশের ঝাঁসি এলাকায়।
ছবি: এএনআই

এত প্রতিবন্ধকতা সত্ত্বেও বলতে হবে বিজেপি ‘ডাউন’ হলেও মোটেই ‘আউট’ নয়। মনে রাখতে হবে, গতবার ৪০৩ আসনের মধ্যে তাদের সম্মিলিত প্রাপ্তি ছিল ৩২৫। এবার ১০০ আসন কমলেও সরকার গড়ার ম্যাজিক সংখ্যা থেকে তারা বেশিই থাকবে।

গোয়া ও উত্তরাখন্ডে এ কারণেই কিছুটা হলেও বলা যায় ‘সুবিধায় বিজেপি’। গোয়ায় ২০১৭ সালের ভোটে ১৭ আসন জিতে কংগ্রেসই হয়েছিল একক দল। বিজেপি পেয়েছিল ১৩, অন্যরা বাকি ১০ আসন। কিন্তু রাতারাতি কংগ্রেস ভাঙিয়ে অন্যদের সাহায্য নিয়ে সরকার গড়েছিল বিজেপি। এবার আসরে হাজির তৃণমূল কংগ্রেস ও আপ। গোয়ার মতো ছোট রাজ্যে এমন ধরনের নির্বাচনী চালচিত্র আগে আঁকা হয়নি। ফলে নতুনরা কার পাকা ধানে মই দেবে, কেউ জানে না। ভারতীয় রাজনীতির ইতিহাস বলে, ছোট রাজ্যের হবু শাসকেরা বেশির ভাগ সময় কেন্দ্রের দিকেই তাকিয়ে থাকেন। উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো বহুদিন আগে থেকেই এমন। গোয়াও গতবার থেকে সেই পথে হাঁটছে।

উত্তরাখন্ড রাজ্যের চিরায়ত কংগ্রেস–বিজেপি রাজনৈতিক দ্বন্দ্বে তৃতীয় শক্তি হিসেবে মাথা তুলতে চাইছে আপ। সরকার গঠনে ভারসাম্যের খেলায় দরকার পড়লে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল আপ কাকে ছেড়ে কাকে ধরবে, সেই আগ্রহ এবারের ভোটের বাড়তি আকর্ষণ। শুধু উত্তরাখন্ডেই নয়। গোয়াতেও। পাঞ্জাবেও এবার আপই কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী। সে রাজ্যের ভোট ২০ ফেব্রুয়ারি।