উত্তর মেরুর বরফ বিস্ময়কর দ্রুততায় গলে যাচ্ছে
উত্তর মেরুর বরফের স্তর চলতি গ্রীষ্মে বিস্ময়কর রকম দ্রুততার সঙ্গে গলছে। এ অঞ্চলে গবেষণায় নিয়োজিত বিজ্ঞানীরা এ তথ্য জানিয়ে সতর্ক করে দিয়েছেন। তাঁরা বলছেন, এই বরফ গলে যাওয়ার গতি অতীতের রেকর্ড ভেঙে দিয়েছে।উত্তর মেরুর এই ঘটনার বিষয়ে বিজ্ঞানীরা বলছেন, অঞ্চলটিতে বরফ যে ক্রমেই বেশি গতিতে গলছে, এটা সে প্রবণতারই অংশ। এই প্রবণতা বিশ্বের জলবায়ুর ওপর গভীর প্রভাব ফেলতে পারে।নরওয়ের গবেষকেরা জানান, বরফ গলার গতি বেড়ে যাওয়ায় উত্তর মেরুর আর্কটিক মহাসাগরের বিশাল হিমশৈলগুলোর আকার ক্রমে ক্ষীণ হয়ে আসছে। এতে এ মহাসাগরে পানির পরিমাণও উদ্বেগজনকভাবে বাড়ছে। ৩০ বছরের মধ্যে গত মাসে এই মহাসাগরে বরফের পরিমাণ সবচেয়ে কম দেখা গেছে। এতে এ অঞ্চল তো বটেই, এমনকি ইউরোপ মহাদেশজুড়ে আবহাওয়া প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।উত্তর মেরু অর্থাৎ আর্কটিক অঞ্চল নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান দ্য নরওয়েজিয়ান পোলার ইনস্টিটিউটের (এনপিআই) আন্তর্জাতিক গবেষক কিম হলম্যান বিবিসিকে বলেন, ‘বরফ গলার ওই গতি আমাদের হিসাবের চেয়ে বেশি। গত ২০ বছর, এমনকি ১০ বছর আগেও আমরা যা কল্পনা করেছি, এটি তার চেয়েও বড় পরিবর্তন। এটি আমাদের বিস্মিত করেছে।’এডমন্ড হানসেন নামের একজন বিজ্ঞানী বলেন, এ বছর আর্কটিকের বরফ গলার পরিমাণ ও গতি দেখে তিনি ‘বিস্মিত’। তিনি বলেন, অন্তত এক হাজার ৫০০ বছরের মধ্যে এর নজির নেই। এটি সত্যিই বিস্ময়কর। সামগ্রিক ব্যবস্থায় এ এক বিরাট নাটকীয় পরিবর্তন। বিবিসি।