উত্তরাখন্ডে খাদ্য ও আশ্রয়ের চরম সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের উত্তরখন্ডে বন্যায় আটকা পড়া ব্যক্তিদের উদ্ধার করে নিয়ে যাচ্ছেন সেনাসদ্যরা। ছবি : আইএএনএস।
ভারতের উত্তরখন্ডে বন্যায় আটকা পড়া ব্যক্তিদের উদ্ধার করে নিয়ে যাচ্ছেন সেনাসদ্যরা। ছবি : আইএএনএস।

ভারতের উত্তরাখন্ড রাজ্যে বন্যা ও ভূমিধসের কারণে বিভিন্ন স্থানে আটকে পড়া মানুষ খাদ্য ও আশ্রয়ের অভাবে খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছে। রাস্তাঘাট ও সেতু বিধ্বস্ত হয়ে পড়ায় অনেক এলাকায় এখনো প্রবেশ করতে পারছেন না উদ্ধারকর্মীরা। আজ শনিবার টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি ও জি নিউজ অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
খবরে বলা হয়, কেদারনাথ এলাকায় একটি পাহাড় থেকে আজ সকালে আটকে পড়া এক হাজার মানুষকে জীবিত উদ্ধার করেছেন দেশটির সেনাসদস্যরা। রাজ্যের অন্যতম পবিত্র শহর বদরিনাথে আরও নয় হাজার মানুষ উদ্ধারের অপেক্ষায় রয়েছে। তাদের উদ্ধারে বিশেষ ট্রেন পাঠানোর প্রস্তুতি চলছে।
উদ্ধারকাজ ও ত্রাণতত্পরতা সঠিকভাবে চলছে কি না, তা পর্যবেক্ষণে আজ উত্তরাখন্ড যাবেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে। হেলিকপ্টারে করে ওই এলাকার ক্ষয়ক্ষতি পরিদর্শন করার কথা রয়েছে তাঁর।
রাজ্যটিতে বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত ৫৫০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির সরকার। জীবিত উদ্ধার করা হয়েছে ৫০ হাজার মানুষ। এখনো ১৪ হাজার মানুষ নিখোঁজ রয়েছে।
দেশটির কৃষিমন্ত্রী হারাক সিং রাওয়াত বলেন, বন্যাবিধ্বস্ত পুরো এলাকাটির সংস্কার করতে কমপক্ষে পাঁচ বছর লেগে যাবে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কেদারনাথ এলাকা। ওই এলাকার বিভিন্ন স্থানে লাশ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
উত্তরাখন্ডে গত সপ্তাহে স্বাভাবিকের চেয়ে সাড়ে চার গুণ বেশি বৃষ্টিপাত হওয়ায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। নজিরবিহীন এ বন্যাকে ‘সহস্রাব্দের ভয়াবহ মর্মান্তিক ঘটনা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।