উত্তরাখন্ডে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তরাখন্ড রাজ্যে একটি বাস খাদে পড়ে গতকাল শনিবার ২৭ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। রাজ্যের চক্রতা এলাকার চিলহাল গ্রামে ওই বাসটি ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়। এদিকে, রাজ্যের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ, ভূমিধস ও বন্যায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে।সরকারি সূত্র জানায়, বাসটি ৫২ জন যাত্রী নিয়ে চক্রতার হানল এলাকা থেকে বিকাশনগরে যাচ্ছিল। দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত সড়কে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। বৃষ্টির কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে অবিরাম বর্ষণ, ভূমিধস ও বন্যায় আরও ১০ জনের মৃত্যু ও অন্তত ৩৮ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বন্যায় বহু ঘরবাড়ি তলিয়ে যায় এবং শত শত তীর্থযাত্রী আটকা পড়ে। প্রাকৃতিক দুর্যোগের ফলে ঐতিহ্যবাহী চরধাম তীর্থযাত্রা স্থগিত রাখা হয়েছে। সরকারি সূত্র জানায়, রাজ্যের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টার বর্ষণের ফলে বিভিন্ন দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়। আবারও ভারী বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া বিভাগ সতর্ক করে দিয়েছে। রাজ্য সরকার উচ্চ সতর্কতা জারি করেছে এবং দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর সহায়তা চেয়েছে। উত্তরাক্ষী জেলার পার্বত্য এলাকায় সরকার-নিয়ন্ত্রিত একটি প্রতিষ্ঠানের ১৯ শ্রমিক নিখোঁজ রয়েছেন। এ ছাড়া একই জেলার গাঙ্গোরি, ডুন্ডা ও বারকোট এলাকা থেকেও ১৯ জন নিখোঁজ হয়েছে।দমকল বাহিনীর অন্তত তিন কর্মীসহ আরও দুই ব্যক্তি গাঙ্গোরি এলাকায় নিহত হয়েছে। গঙ্গোত্রী ও যমুনোত্রী অভিমুখে চারধাম যাত্রা গতকাল শনিবার দ্বিতীয় দিনের মতো স্থগিত রাখা হয়। গাঙ্গোরি এলাকার উত্তরাক্ষী ও ভাগীরথী নদীর প্রবাহ বিপৎসীমার ওপরে রয়েছে। স্থানীয় লোকজনকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। পিটিআই ও এনডিটিভি।