উত্তরাধিকার সূত্রের রাজনীতি নিয়ে ‘ইন্ডিয়া টুডে’র অনুষ্ঠান
উত্তরাধিকার সূত্রে বা পরিবারের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করলে প্রাথমিক প্ল্যাটফর্ম পাওয়া যায়, কিন্তু ধারাবাহিক সাফল্য পাওয়া যায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে নামাল রাজাপক্ষে ও ভারতের ওডিশা রাজ্যের তরুণ নেতা কালিকেশ সিং দেও এক অনুষ্ঠানে এ মত প্রকাশ করেছেন।নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ সাময়িকী ইন্ডিয়া টুডে আয়োজিত ওই অনুষ্ঠানে অংশ নিয়ে উপমহাদেশের তরুণ এই তিন নেতা এ মত প্রকাশ করেন। জয় জানান, তিনি ঘটনাচক্রে রাজনীতিতে এসেছেন। স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে তাঁকে রাজনীতিতে আসতে হয়েছে। জয় বলেন, ‘২০০৬ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের কর্মকাণ্ড ও এরপর সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের কারণে রাজনীতিতে আসা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। তবে রাজনীতিতে আসতে মায়ের সমর্থনও পেয়েছি।’ তিনি জানান, তাঁর স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গড়া। শ্রীলঙ্কার সবচেয়ে কম বয়সী এমপি ও প্রেসিডেন্টের ছেলে নামাল বলেন, তাঁর বাবার শাসনামলে শ্রীলঙ্কা নতুন প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে চলছে। যুক্তরাজ্যে পড়াশোনা করা নামাল বলেন, ‘আমি আমার পরিবারের তৃতীয় প্রজন্মের রাজনীতিবিদ। তার পরও আমাকে নির্বাচনে অনেক প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয়।ওডিশা রাজ্যের ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবার থেকে আসা তরুণ নেতা ও লোকসভার সদস্য কালিকেশ বলেন, ভোটের রাজনীতিতে আমার আস্থা আছে। এটা সত্য যে রাজনৈতিক পরিবার থেকে এলে একটি প্ল্যাটফর্ম পাওয়া যায়, কিন্তু ভারতে ব্যক্তি পরিচয়ে জনগণ ভোট দেয়। তাঁর মতে, শুধু পারিবারিক পরিচয় যদি মুখ্য হয় তাহলে তা গণতন্ত্রের জন্য অভিশাপ।