বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার ৯২ বছর পূর্ণ হচ্ছে আজ ১৮ জুলাই। জন্মদিনটি ম্যান্ডেলা এবার পরিবারের সঙ্গেই কাটাবেন বলে সংবাদ মাধ্যমে বলা হয়েছে। এবারই প্রথমবারের মতো পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা দিবস’। দক্ষিণ আফ্রিকায় শান্তি ও স্বাধীনতা আনার ক্ষেত্রে তাঁর অনন্যভূমিকার জন্যজাতিসংঘের সাধারণপরিষদ গত বছরের ১০ নভেম্বর প্রতি বছর ১৮ জুলাইকে আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়। ম্যান্ডেলার জীবনসায়াহ্নে তাঁর নামের উত্তরাধিকার পেতে নিজেদের মধ্যে লড়াইয়ে জড়িয়ে পড়েছেন তাঁর আত্মীয়স্বজন ও দলীয় সহকর্মীরা। কারণ এই নামের সঙ্গে জড়িয়ে আছে রাজনৈতিক ও অর্থনৈতিক সুবিধা।পরিবারের সদস্য থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে এই বিরোধ চলছে। এর মধ্যে আছেন তাঁর সাবেক ও বর্তমান তিন স্ত্রী, দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) নেতারা, ১৯৯৯ সালে রাজনীতি থেকে অবসর নেওয়ার পর ম্যান্ডেলা যেসব দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেছেন সেগুলোর কর্তাব্যক্তিরা। পাশাপাশি ম্যান্ডেলার সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক থাকা ব্যক্তিরাও তালিকায় রয়েছেন।দক্ষিণ আফ্রিকার লেখক ও কলাম লেখক ফ্রেড খুমালো বলেন, ‘এটা নোংরামি। তিনি (ম্যান্ডেলা) এখনো বেঁচে আছেন। তার পরও ওই মানুষগুলো নিজেদের মধ্যে লড়াই করছে।’সম্প্রতি বিতর্কটি সৃষ্টি হয়েছে সদ্য সমাপ্ত বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট চলার সময় ম্যান্ডেলার উপস্থিতি নিয়ে। টুর্নামেন্টের প্রস্তুতি পর্বে এএনসি সরকারের ক্রীড়ামন্ত্রী মাখেনকেসি স্টোফিলে ও ম্যান্ডেলার নাতি ম্যান্ডলা ম্যান্ডেলা দুজনেই দাবি করেন, তাঁরা নেলসন ম্যান্ডেলার পক্ষে ভাষণ দিচ্ছেন। দুজনে সাবেক এই প্রেসিডেন্টের আকাঙ্ক্ষা সম্পর্কে বিপরীতধর্মী বক্তব্য দেন। স্টোফিলে বলেন, ম্যান্ডেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা জানিয়েছেন। অন্যদিকে মান্ডলা বলেন, তিনি বাড়িতে থাকবেন বলে ইঙ্গিত দিয়েছেন। সাবেক স্ত্রী উইনি মাদিকিজেলা-ম্যান্ডেলা বিতর্কে জড়ান জোহানেসবার্গে একটি প্রাক-বিশ্বকাপ শোভাযাত্রায় অংশ নিয়ে। সাবেক স্বামীর বার্তা ঘোষণা করছেন দাবি করে তিনি বলেন, ম্যান্ডেলা চান বিশ্বকাপ আফ্রিকায় থাকুক। এ ধরনের বক্তব্য দিয়ে তিনিও ম্যান্ডেলার সঙ্গে ঘনিষ্ঠতার দাবি প্রতিষ্ঠার সুযোগ নিচ্ছেন। বাস্তবে দেখা গেল, পরিবারের এক সদস্য দুর্ঘটনায় নিহত হওয়ায় ম্যান্ডেলা উদ্বোধনী অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। তবে নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, তিনি মানসিকভাবে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।ম্যান্ডেলাকে নিয়ে এ ধরনের লড়াই আরও আগে শুরু হয়েছে। গত বছর দক্ষিণ আফ্রিকার সাধারণ নির্বাচনের সময় নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, ম্যান্ডেলা কোনো ধরনের নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন না। কিন্তু ম্যান্ডেলা এএনসির চূড়ান্ত সমাবেশে অংশ নিয়ে প্রেসিডেন্ট পদপ্রার্থী জ্যাকব জুমার প্রতি সমর্থন জানালে ফাউন্ডেশনের ওই বক্তব্য ভুল প্রমাণিত হয়। ওই সময় ফাউন্ডেশনকে এক হাত নিয়ে নাতি মান্ডলা বলেন, ‘পরিবার হিসেবে আমরা মাদিবার (ম্যান্ডেলা) উত্তরাধিকারের বিষয়ে ঐক্যবদ্ধ। সবচেয়ে আগে তিনি পরিবার ও এএনসির অংশ।’রাজনীতিতে মান্ডলার অবস্থান নিয়ে সংশয় জানিয়ে লেখক ফ্রেড খুমালো বলেন, ২০০৮ সালে সম্প্রচার মাধ্যম সাউথ আফ্রিকান ব্রডকাস্টিং করপোরেশনের তৎকালীন প্রধান স্নুকি জিকালা সানডে ওয়ার্ল্ড পত্রিকাকে বলেছিলেন, নেলসন ম্যান্ডেলার অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের স্বত্ব পাওয়ার জন্য তাঁরা মান্ডলাকে ৩০ লাখ র্যান্ড (তিন লাখ ৯৫ হাজার ডলার) দিয়েছেন। তবে ওই দাবি অস্বীকার করেন মান্ডলা। খুমালো বলেন, ‘ধরে নেওয়া হয় ম্যান্ডেলা নামটি অর্থ উপার্জনের একটি লাইসেন্সের মতো বিষয়।’নেলসন ম্যান্ডেলা মিউজিয়াম কর্তৃপক্ষ এবং ম্যান্ডেলার এইডস প্রতিরোধবিষয়ক প্রকল্প ৪৬৬৬৪-এর কর্তৃপক্ষের সঙ্গেও মান্ডলার তিক্ততা তৈরি হয়েছে। মান্ডলার অভিযোগ, এই সংস্থাগুলো ম্যান্ডেলার নাম ব্যবহার করে সুবিধা নিচ্ছে।মান্ডলা একাই উত্তরাধিকারের দাবিদার নন। এই দৌড়ে আরও কয়েকজন রয়েছেন। ম্যান্ডেলার ৯০তম জন্মদিনে তাঁর ছয় সন্তানের বেশির ভাগই জন্মদিনের অনুষ্ঠান বর্জন করেন। অনুষ্ঠান উদ্যাপন নিয়ে মতপার্থক্যের কারণে এমনটি হয়। ম্যান্ডেলার আইনজীবী ইসমাইল আইউব ও রস ক্যালেডার নামের এক ব্যবসায়ীর কাছে ম্যান্ডেলার স্বাক্ষর করা বেশ কিছু সামগ্রী রয়েছে। ম্যান্ডেলা সেগুলো বিক্রি না করার জন্য তাঁদের আহ্বান জানিয়েছেন। এ নিয়ে তাঁদের সঙ্গে সাবেক প্রেসিডেন্টের দ্বন্দ্ব রয়েছে।গত বছর সানডে টাইমস পত্রিকার একটি খবরে বলা হয়, ম্যান্ডেলা পরিবারের সদস্যদের সঙ্গে উইল নিয়ে আলাপ করেন। তিনি ইঙ্গিত দেন, মৃত্যুর পর তাঁর সম্পত্তির একটি বড় অংশ পাবে নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন। বাকি অংশ পাবে পরিবারের সদস্যরা। তবে এ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে খবরে জানানো হয়। উত্তরাধিকারের লড়াই আরও কুটিল হয়ে উঠবে—এমন আশঙ্কা জানিয়ে খুমালো বলেন, পরিস্থিতি প্রমাণ করছে ম্যান্ডেলা দুর্বল হয়ে পড়েছেন। তাঁর এখন বয়স হয়েছে। এই সুযোগে বাকিরা তাঁর নাম ব্যবহার করে সুবিধা আদায় করে নিচ্ছে। বিবিসি।