উত্তাল আলজেরিয়া ও ইয়েমেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগের পর আরব বিশ্বের অন্যান্য দেশেও সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। গতকাল শনিবার আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের কেন্দ্রস্থলে দুই হাজারেরও বেশি মানুষ বিক্ষোভ করেছে। ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহের পদত্যাগের দাবিতে রাজধানী সানায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। এ ছাড়া জর্ডান, ফিলিস্তিন ও লেবাননেও বিক্ষোভ হয়েছে।আলজিয়ার্সে বিক্ষোভ চলাকালে পুলিশ বহু লোককে আটক করেছে। পূর্বঘোষিত বিক্ষোভ ঠেকাতে আগে থেকেই সেখানে হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়। বিরোধী দল র্যাালি ফর কালচার অ্যান্ড ডেমোক্রেসির (আরসিডি) মুখপাত্র মোহসেন বেলাবেস বলেন, ‘আলজেরিয়ার গণতন্ত্রের জন্য আজকের (শনিবার) দিনটি স্মরণীয় হয়ে থাকবে।’ ১৯৯২ সালের পর থেকে জরুরি অবস্থা বলবৎ থাকায় দেশটিতে মিছিল ও সভা-সমাবেশ নিষিদ্ধ। কিন্তু জনতা এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে গতকাল সকাল থেকেই রাজপথে নামে। বিক্ষোভ ঠেকাতে শহরে সাজোয়া যান ও জলকামান মোতায়েন করা হয়। এ ছাড়া শহরের প্রধান সড়কগুলোতে ব্যারিকেড দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। পুলিশি টহল জোরদার করা হয়। আরসিডির নেতা সাইদ সাদি জানান, বিভিন্ন এলাকা থেকে রাজধানী অভিমুখী মানুষকে ঠেকাতে পুলিশ আলজিয়ার্সকে ঘিরে ফেলে। এ ছাড়া রেল ও অন্যান্য পরিবহনব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়। ২০ হাজার পুলিশের সঙ্গে অতিরিক্ত আরও ১০ হাজার পুলিশ মোতায়েন করা হয়।আলজেরিয়ার বিরোধীদলীয় জোট ন্যাশনাল কো-অর্ডিনেশন ফর চেইঞ্জ অ্যান্ড ডেমোক্রেসি (সিএনসিডি) গতকালের এ বিক্ষোভের ডাক দেয়। তিন সপ্তাহ আগে তিউনেসিয়া এবং পরবর্তী সময়ে মিসরের বিক্ষোভে উদ্বুদ্ধ হয়ে দেশটির আন্দোলনরত সুশীল সমাজ ও অনানুষ্ঠানিক কয়েকটি আঞ্চলিক ইউনিয়নের সমন্বয়ে সিএনসিডি গঠন করা হয়।সিএনসিডি অনতিবিলম্বে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলআজিজ বুতেফ্লিকার পদত্যাগ, অবসানসহ দেশটির ব্যাপক বেকারত্ব ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করছে। এদিকে ইয়েমেনে গতকাল সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে। পোস্টার লাগানোর সময় একদল শিক্ষার্থীর সঙ্গে সরকার-সমর্থকদের সংঘর্ষ হয়। এ ঘটনার জের ধরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে চার হাজারের মতো বিক্ষোভকারী প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে রাজধানীর কেন্দ্রস্থলে জড়ো হন। বিক্ষোভকারীদের অধিকাংশই শিক্ষার্থী। এ ছাড়া তিউনিসিয়ার ঘটনার পর থেকে জর্ডান ও সুদানেও সরকারবিরোধী বিক্ষোভ চলছে। এএফপি ও রয়টার্স।