উত্তাল কাশ্মীর, শ্রীনগরে দেখামাত্র গুলির নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরে পুলিশকে দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে। শ্রীনগর ছাড়াও অন্য প্রধান সব শহরে কারফিউ জারি করা হয়েছে। পাশাপাশি বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। গত সোমবার পুলিশের গুলিতে ১৮ বিক্ষোভকারী ব্যক্তি ও জনতার পিটুনিতে এক পুলিশ নিহত হওয়ার পর বাড়তি সতর্কতা হিসেবে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।সংবাদমাধ্যমগুলো বলেছে, গতকাল মঙ্গলবার সকালে শ্রীনগরের রাজপথে আধাসামরিক বাহিনী ও দাঙ্গা পুলিশ টহল দেওয়া শুরু করে। তারা মাইকে স্থানীয় লোকজনকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দেয়। একই সঙ্গে তারা জানিয়ে দেয়, রাজপথে কেউ বের হলে তাকে দেখামাত্র গুলি করা হবে। তবে উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার খানপোরায় গতকাল মঙ্গলবারও কারফিউ ভেঙে বিক্ষোভকারী লোকজন রাস্তায় নেমে আসে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে চাইলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। তারা পুলিশের দিকে পাথর ছুড়তে থাকলে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। সেখানে বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ভারতের বিমান কর্তৃপক্ষ বলেছে, শ্রীনগর বিমানবন্দরের রানওয়েতে সংস্কারকাজ চলার কারণে ৩ সেপ্টেম্বর থেকেই সেখানে বিমান ওঠানামা বন্ধ ছিল। বিকল্প ব্যবস্থা হিসেবে পুলওয়ামা শহরের অবন্তীপোরা বন্দর থেকে বিমান ওঠানামা করছিল। তবে গতকাল থেকে সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে। শ্রীনগর, দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ, বিজভেড়া, অবন্তীপোরা, লেদপোরা, প্যামপোর ও পুলওয়ামা শহর এবং দক্ষিণ কাশ্মীরের সোপর শহরে গত রোববার থেকেই কারফিউ জারি ছিল। তবে উদ্ভূত পরিস্থিতির কারণে গতকাল থেকে নতুন করে যেসব এলাকায় কারফিউ জারি করা হয়েছে সেগুলো হলো—বাদগাম শহর, চুন, মীরগান্দ, ওমপোরা, নারকারা, শেখপোরা, হামহামা, আই. জি. রোড, গুলওয়ানপোরা, নাদিরগুন্দ, চাদুরা এবং মধ্য কাশ্মীরের বাগরাম জেলার ওয়াথুরা এলাকা। এ ছাড়া গান্দেরবাল ও কঙ্গন, কুলগাম, কোইমোহ্, সোপিয়ান, বারামুল্লা, তানমার্গ, কুপওয়ারা, ত্রেঘাম, ক্রালপোরা, চটিপোরা ও বান্দিপোরা শহরেও কারফিউ জারি করা হয়েছে। কর্মকর্তারা বলেছেন, সবচেয়ে উত্তাল অবস্থা উত্তর কাশ্মীরের তানমার্গ শহরে। সেখানে আদালত ভবন, পর্যটন বিভাগের দুটি বাড়ি এবং একটি স্কুল পুড়িয়ে দিয়েছে জনতা। সোমবার রাতে অনন্তনাগ শহরের খানবাল এলাকায় জনতা একটি থানায় ঢুকে পুলিশের বিছানাপত্র বাইরে এনে তাতে আগুন ধরিয়ে দেয়। সেখানকার একটি খ্রিষ্টান মিশন পরিচালিত বিদ্যালয়েও হামলার ঘটনা ঘটেছে। গত সোমবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক এক বৈঠক করেছেন। ওই বৈঠকে কাশ্মীর পরিস্থিতি মোকাবিলার জন্য আজ বুধবার সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়। এএফপি ও টাইমস অব ইন্ডিয়া অনলাইন।