লন্ডন ও স্কটল্যান্ডে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পক্ষে ভোট পড়ার পর উত্তাল হয়ে উঠেছে যুক্তরাজ্য। গণভোটের ফলাফলে বিক্ষুব্ধ মানুষ গত শুক্রবার রাজধানী লন্ডন ও স্কটল্যান্ডের কয়েকটি শহরে বিক্ষোভ করেছে। বর্ণবাদী ও অভিবাসনবিরোধীদের ‘প্রতারণাপূর্ণ প্রচারণা’ ভোটারদের বিভ্রান্ত করেছে অভিযোগ করে তাঁরা ইইউতে যুক্তরাজ্যের সদস্যপদ রাখা না-রাখা প্রশ্নে পুনরায় গণভোট আয়োজনের দাবি তুলেছেন।

ইইউতে যুক্তরাজ্যের সদস্যপদ রাখা না-রাখা নিয়ে গত বৃস্পতিবার যুক্তরাজ্যে গণভোট অনুষ্ঠিত হয়। এতে দেশটির ৫২ শতাংশ ভোটার ইইউর সদস্যপদ না রাখার পক্ষে রায় দেন।

শুক্রবার ভোরে গণভোটের ফলাফল ঘোষণামাত্রই ইইউর পক্ষের প্রচারকেরা লন্ডনের সাবেক মেয়র বরিস জনসনের বাসার সামনে বিক্ষোভ করেন। পুলিশি নিরাপত্তায় বাসা থেকে বের হতে সক্ষম হলেও কিছু দূর যেতেই সাইকেল আরোহীদের একটি দল বরিসের গাড়িকে ঘিরে ধরেন। তাঁরা বরিসকে উদ্দেশ করে বলেন, ‘পাউন্ডের দর পড়ে গেল কেন বরিস?’ বিক্ষোভকারীরা তাঁকে উদ্দেশ করে ‘অকর্মণ্য’ ও ‘বর্ণবাদী’ বলে চিৎকার করেন।

প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের বিপক্ষে অবস্থান নিয়ে ইইউ ত্যাগের পক্ষে প্রচারে নেতৃত্ব দেন ক্ষমতাসীন কনজারভেটিভ দলের প্রভাবশালী রাজনীতিক বরিস জনসন। ক্যামেরনের পদত্যাগের পর এই বরিসই প্রধানমন্ত্রী পদে স্থলাভিষিক্ত হবেন বলে মনে করা হচ্ছে।

এদিকে শুক্রবার বিকেলে বড় ধরনের বিক্ষোভ হয় লন্ডনে। ‘রেভ্যুলেশনারি সোশ্যালিজম ইন দ্য টোয়েন্টি ওয়ান সেঞ্চুরি’ নামে একটি গ্রুপ সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে বিক্ষোভে শামিল হওয়ার আহ্বান জানায়। পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল কয়েক কিলোমিটার রাস্তা পদক্ষিণ করে যায় লন্ডন ব্রিজ এলাকার ‘নিউজউইক’-এর প্রধান কার্যালয়ের সামনে। এই কার্যালয় থেকেই মিডিয়া মোগল নামে পরিচিত রুপার্ট মারডকের দ্য সান, দ্য টাইমস এবং দ্য সানডে টাইমস প্রকাশিত হয়। দ্য সান ও সানডে টাইমস ইইউর বিপক্ষে অবস্থান নিয়েছিল। আর দ্য টাইমস প্রচার চালিয়েছে ইইউতে থাকার পক্ষে। যে কারণে ফলাফল যেদিকেই যাক, মারডক বিজয়ীদের দলে থাকবেন বলে বিস্তর সমালোচনাও হয়েছে।

কিছু গণমাধ্যম এবং রাজনীতিককে অভিবাসনবিরোধী রাজনীতির জন্য দায়ী করে বিক্ষোভকারীরা বলেন, অভিবাসী ও শরণার্থীদের নিয়ে নেতিবাচক প্রচারণার কারণেই ফলাফল এমন হয়েছে।