উদার ইসলামি শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার এনটিসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার বিদ্রোহীদের গঠিত ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) নেতারা সে দেশে উদারনৈতিক ইসলামি শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন।এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গতকাল এক প্রতিবেদনে বলেছে, গাদ্দাফির অনুগত ও বিদ্রোহী সেনারা যুদ্ধাপরাধ করেছে। অন্যদিকে ক্ষমতাচ্যুত নেতা গাদ্দাফি সিরিয়াভিত্তিক টেলিভিশন চ্যানেল অ্যারাই ওরুবায় এক বিবৃতিতে আবারও বিজয়ী না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।লিবিয়ায় সামরিক অভিযানের বিরোধিতাকারী জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন এনটিসিকে সমর্থন দিয়েছে।গত সোমবার রাতে এনটিসির প্রধান মুস্তাফা আবদেল জলিল ত্রিপোলির প্রধান স্কয়ারে জনতার উদ্দেশে ভাষণ দেন। তিনি বলেন, ‘আমরা কোনো চরম পন্থা আদর্শ গ্রহণ করব না। সেটা ডানপন্থা হোক বা বামপন্থা হোক। আমরা মুসলিম। উদারনৈতিক ইসলামের পথে থাকব আমরা।’অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গতকাল শতাধিক পৃষ্ঠার প্রতিবেদনটি প্রকাশ করে। লিবিয়ায় তিন মাস ধরে তদন্তের পর এই প্রতিবেদন প্রকাশ করা হয় বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়। প্রতিবেদনে গাদ্দাফি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের অপরাধের তুলনা করা হয়নি। তবে বলা হয়, গাদ্দাফি বাহিনীর অপরাধ অনেক বড় এবং এর তালিকাও দীর্ঘ। বিদ্রোহীদের ক্ষেত্রে বলা হয়, তাদের অপরাধও কম নয়।অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়, এনটিসির অধীনে এর সদস্য ও সমর্থকেরাও মানবাধিকার লঙ্ঘন করেছেন। কোনো কোনো ক্ষেত্রে এটা যুদ্ধাপরাধের পর্যায়ে পৌঁছেছে। বিদ্রোহীরা এপ্রিল থেকে জুলাই মাসের শুরু পর্যন্ত এক ডজনেরও বেশি গাদ্দাফির অনুগত সেনা ও নিরাপত্তা কর্মকর্তাকে ‘বিচারবহির্ভূত’ভাবে হত্যা করা হয়েছে। লিবিয়ার পূর্বাঞ্চলের দখল নেওয়ার পর গাদ্দাফির অনুগত কয়েক ডজন সেনা ও সন্দেহভাজন ভাড়াটে সেনাকে হত্যা করা হয়।এনটিসির বিচারমন্ত্রী মোহাম্মদ আল আলাগি বলেন, বিদ্রোহী যোদ্ধাদের ভুলগুলোকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দেওয়া যাবে না। কারণ, তাঁরা সামরিক বাহিনীর সদস্য নন, সাধারণ মানুষ।গাদ্দাফি অ্যারাই ওরুবা টেলিভিশনে এক বিবৃতিতে বলেন, অভ্যুত্থানের মাধ্যমে তাঁকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এই অভ্যুত্থানের সঙ্গে জড়িত ব্যক্তিদের পরাজিত করার অঙ্গীকার করেন তিনি। গাদ্দাফি বলেন, লিবিয়াকে আবারও উপনিবেশে পরিণত করা সম্ভব নয়।গত ২৫ আগস্ট বিদ্রোহীদের হাতে গাদ্দাফির প্রধান আশ্রয়স্থল বাব আল-আজিজিয়ার পতন ঘটে। এর পর থেকেই পলাতক আছেন তিনি। তবে বিভিন্ন সময় অ্যারাই ওরুবা টেলিভিশনে তাঁর অডিও বার্তা প্রচার করা হচ্ছে।গাদ্দাফির অনুগত সেনারা গত সোমবার লিবিয়ার রাস লানুফ ও বনি ওয়ালিদ শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলে পাল্টা হামলা চালিয়েছে। এনটিসির সামরিক শাখার মুখপাত্র জানান, গাদ্দাফির সেনাদের হামলায় ১২ জন বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছেন। গাদ্দাফির জন্মস্থান সার্তে শহরেও তাঁর সেনাদের শক্ত অবস্থান রয়েছে। এএফপি, ডন।