উদ্ধার অভিযানে আর অংশ নেবে না যুক্তরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমধ্যসাগরে নৌযান দুর্ঘটনার শিকার আশ্রয়প্রার্থী অভিবাসীদের উদ্ধার ও তল্লাশি অভিযানে আর অংশ নেবে না যুক্তরাজ্য। গতকাল মঙ্গলবার ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপির।
যুক্তরাজ্য বলছে, সাগরে এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখার মানে হলো, আরও মানুষকে সাগর পাড়ি দিয়ে আশ্রয় চাইতে আসায় উৎসাহিত করা। তাই ভবিষ্যতে এ ধরনের কোনো অভিযানে অংশ নেবে না তারা।
সম্প্রতি হাউস অব লর্ডসে এক লিখিত জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী লেডি অ্যানলে ব্রিটিশ সরকারের এ বিষয়ক সিদ্ধান্তের কথা জানান।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্তরক্ষা সংস্থা ফ্রন্টেক্স আগামী শনিবার ইতালির উপকূলে ‘ট্রাইটন’ নামে এক উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু করবে। ইতালি তাদের উদ্ধার কার্যক্রম বন্ধ বা হ্রাস করলে নৌকায় আসা আশ্রয়প্রার্থীদের মৃত্যুর সংখ্যা বৃদ্ধির আশঙ্কার মধ্যে ইইউর এ কর্মসূচি শুরু হচ্ছে।
ফ্রন্টেক্সের ‘ট্রাইটন’ নামের উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু হলে ইতালি উদ্ধার তৎপরতায় কতটা অংশ নেবে তা নিশ্চিত নয়। সম্প্রতি ইতালির সরকারি কর্মকর্তা বলেছেন, ওই অভিযান বিষয়ে আগামী সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হবে।