ভূমিকম্পবিধ্বস্ত এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে হাইতি সরকার। গতকাল শনিবার জাতিসংঘ এ কথা জানিয়েছে। ত্রাণ তত্পরতা নিয়ে সর্বশেষ এক প্রতিবেদন পেশকালে সংস্থাটি বলেছে, ‘হাইতি কর্তৃপক্ষ গত শুক্রবার অনুসন্ধান ও উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক উদ্ধারকারী দল এ সময় পর্যন্ত ১৩২ জনকে জীবিত উদ্ধার করেছে।’ এদিকে ত্রাণ না পেয়ে দুর্গত মানুষের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ চূড়ান্ত রূপ ধারণ করেছে। গতকাল পোর্ট অ প্রিন্সে গুদাম ভেঙে ত্রাণসামগ্রী লুট করার ঘটনা ঘটেছে। খবর এএফপি ও বিবিসির।জাতিসংঘ বলেছে, হাইতি সরকার শুক্রবার স্থানীয় সময় বিকেল চারটায় অনুসন্ধান ও উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা দেয়। এ দিন পর্যন্ত ভূমিকম্পবিধ্বস্ত এলাকায় ৬৭টি দলের এক হাজার ৯১৮ জন কর্মী নিরলসভাবে উদ্ধার অভিযান চালায়। পাশাপাশি ১৬০টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরও অংশ নেয়। সাহায্যকর্মীরা বলেছেন, এ রকম একটি বিপর্যয়কারী ভূমিকম্পের পর রেকর্ডসংখ্যক লোককে জীবিত উদ্ধার করা গেছে।প্রতিদিন বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী এসে হাইতিতে জড়ো হচ্ছে। এসবের মধ্যে রয়েছে খাবার, পানি, তাঁবু ও ওষুধ। পোর্ট অ প্রিন্সসহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত জ্যাকমেল ও লিওগেন শহরে এসব ত্রাণসামগ্রী পাঠিয়ে দেওয়া হচ্ছে। ত্রাণ সমন্বয়কারীরা আশ্রয়হীন মানুষকে ত্রাণ দেওয়ার ওপরে বেশি জোর দিয়েছে।ভূমিকম্পের ১০ দিন পেরিয়ে গেলেও অনেকেই ত্রাণ পায়নি। ক্ষুধা আর তৃষ্ণায় তাদের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হতে থাকে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে গতকাল। দুর্গত লোকজন লাঠিসোটা হাতে পোর্ট অ প্রিন্সে জাতিসংঘের একটি গুদামে হামলা চালায়। আট ফুট উঁচু দেয়াল ভেঙে মুহূর্তে তারা প্রায় ৫০ টন ত্রাণসামগ্রী সেখান থেকে নিয়ে যায়।পোর্ট অ প্রিন্স ও অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকা থেকে আশ্রয়হীন লোকজনকে অন্যত্র সরিয়ে নেওয়ার তত্পরতা অব্যাহত রয়েছে। ভূমিকম্পে ক্ষতি হয়নি এমন এলাকায় প্রতিদিন হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। জাতিসংঘ বলেছে, পোর্ট অ প্রিন্স থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এখন পর্যন্ত এক লাখ ৩০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সরকারি উদ্যোগে তাদের নিরাপদ অঞ্চলে পৌঁছে দেওয়া হচ্ছে। এ ছাড়া অনেকে ব্যক্তিগত উদ্যোগেও রাজধানী ছেড়েছে। তবে তাদের সংখ্যা জানা যায়নি।জাতিসংঘ খাদ্য ও কৃষিবিষয়ক সংস্থা (এফএও) বলেছে, শহরাঞ্চল থেকে অন্তত ১০ লাখ মানুষ গ্রামে আশ্রয় নিতে পারে। এতে গ্রামীণ সম্পদে মারাত্মকভাবে ঘাটতি দেখা দিতে পারে বলে সংস্থাটি সতর্ক করে দিয়েছে।সাহায্য সংস্থাগুলো হাইতির বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ঘরছাড়া আহত লোকজনকে চিকিত্সাসেবা দেওয়ার উদ্দেশে তারা এ উদ্যোগ নিয়েছে।হাইতির পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার বলেছে, ভূমিকম্পে এক লাখ ১০ হাজারেরও বেশি মানুষ মারা গেছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ১২ জানুয়ারির সাত মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত এক লাখ ১১ হাজার ৪৯৯ জন লোকের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। সরকারের তরফ থেকে এর আগে বলা হয়েছিল, ৭৫ হাজার মানুষ মারা গেছে ভয়াবহ এ ভূমিকম্পে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ভূমিকম্পে এক লাখ ৯৩ হাজার ৮৯১ জন ব্যক্তি আহত হয়েছে। আশ্রয়হীন হয়েছে ছয় লাখ নয় হাজার। আশ্রয়হীন এসব লোক ৫০০ শিবিরে আশ্রয় নিয়েছে।ভূমিকম্প আঘাতের ১০ দিন পর শুক্রবার পোর্ট অ প্রিন্সে ধ্বংসাবশেষ থেকে অলৌলিকভাবে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৮৪ বছরের একজন নারী এবং অপরজন ২২ বছরের যুবক। একই দিন পোর্ট অ প্রিন্সে অজ্ঞাত ছয়টি মরদেহ সত্কার করা হয়েছে। এ ব্যাপারে রাজধানীর রুয়ি ডু সেন্টার এলাকার বাসিন্দা হোর্ড স্টানলি বলেন, ধ্বংসযজ্ঞের ওপর ছয়টি মৃতদেহ পড়ে ছিল। কেউ এসব মরদেহের পরিচয় দিতে পারেনি। এমনকি কেউ এসে তাদের স্বজন হিসেবেও দাবি করেনি। এ কারণে তাদের দাহ করা হয়েছে। মার্কিন ভূতত্ত্ব বিভাগ হাইতির ভূমিকম্পকে এ অঞ্চলের ইতিহাসে সবচেয়ে বিপর্যয়কারী ধ্বংসযজ্ঞ হিসেবে আখ্যা দিয়েছে। ভূতত্ত্ববিদ ডেল গ্রান্ট বলেছেন, হাইতির ভূমিকম্প এ অঞ্চলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। এর আগে এ অঞ্চলে এমনটি ঘটতে শোনা যায়নি। ১৯৭০ সালে পেরুতে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল। সে সময় ৭০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছিল।এদিকে হাইতির ৩৩ জন এতিম ও পরিত্যক্ত শিশু শুক্রবার ফ্রান্সে পৌঁছেছে। ফরাসি বিভিন্ন পরিবার এসব শিশুকে দত্তক নেবে। রোসি-চার্লস ডি গুয়ালি বিমানবন্দরে তাদের স্বাগত জানান ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজির স্ত্রী কার্লা ব্রুনি। এ সময় দত্তক নিতে আগ্রহী পরিবার ও চিকিত্সকদের একটি দলও উপস্থিত ছিল। কাগজপত্র চূড়ান্ত করার পর এক থেকে ছয় বছর বয়সী এসব শিশুকে আগ্রহী পরিবারের কাছে হস্তান্তর করা হবে।