ভারতের মুম্বাইয়ে নৌবাহিনীর দুর্ঘটনাকবলিত ডুবোজাহাজ আইএনএস সিন্ধুরক্ষক উদ্ধার করতে ডুবুরি ও প্রকৌশলীরা গতকাল বৃহস্পতিবার ব্যাপক তৎপরতা চালান। দুর্ঘটনার সময় নৌযানটিতে অবস্থানকারী তিন কর্মকর্তাসহ ১৮ জন এখনো নিখোঁজ রয়েছেন।গতকাল নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনার শিকার নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের কারও খোঁজ পাওয়া যায়নি। পানি ও বিভিন্ন সরঞ্জাম ঢুকে পড়ায় সাবমেরিনের ভেতরে ডুবুরিদের কাজ করতে সমস্যা হচ্ছে। তাঁরা ঠিকমতো দেখতে পাচ্ছেন না। বিস্ফোরণ ও আগুনের উত্তাপের কারণে ডুবোজাহাজটির আকার বিকৃত হয়ে গেছে। এতে উদ্ধারকর্মীদের ভেতরে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। শক্তিশালী পাম্প ব্যবহার করে ভেতরের পানি বের করে আনার চেষ্টা চলছে।রাশিয়ায় নির্মিত আইএনএস সিন্ধুরক্ষক গত বুধবার এক বিস্ফোরণের পর ডুবে যায়। ভারতীয় নৌবাহিনীর সাম্প্রতিক ইতিহাসে এটিকে সবচেয়ে বড় দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।দুর্ঘটনার কারণ এখনো অস্পষ্ট। তবে জ্বালানি, হাইড্রোজেন, অক্সিজেন ও বিস্ফোরক গোলাবারুদ থেকে দুর্ঘটনার সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। নাশকতার ফলে দুর্ঘটনা হওয়ার আশঙ্কা উড়িয়ে দেননি নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল ডি কে যোশী। তিনি অবশ্যবলেছেন, এ রকম ধারণার সমর্থনে যথেষ্ট যুক্তির অভাব রয়েছে। প্রায় ৪০০ কোটি রুপি দামে কেনা ডুবোজাহাজটি ভারতীয় নৌবাহিনী ১৯৯৭ সালে ব্যবহার করতে শুরু করে। রাশিয়ায় সম্প্রতি এটি আধুনিকায়নে ৪৫০ কোটি রুপি খরচ পড়ে। দুই হাজার ৩০০ টন ওজনের সিন্ধুরক্ষক ডিজেলচালিত জেনারেটর ও বৈদ্যুতিক ব্যাটারির সাহায্যে চলে। এটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য সমরাস্ত্র বহন করতে পারে। দুর্ঘটনার সময় আইএনএস সিন্ধুরক্ষক সক্রিয় দায়িত্বে ছিল না। এএফপি, বিবিসি ও পিটিআই।