উদ্ধার তৎপরতা চলছে দুটি শহরে কারফিউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিলিতে ভূমিকম্পে বিধ্বস্ত এলাকাগুলোতে জরুরি উদ্ধারকাজ চলছে। গত রোববার দেশটির প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলেট উদ্ধারকাজ শুরু করার ঘোষণা দেন। গতকাল সোমবার পর্যন্ত সেখানে সাত শতাধিক লোকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। দুর্যোগকবলিত এলাকায় উদ্ধারকাজ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মেতায়েন করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায়দুটি শহরে কারফিউ জারি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার বেশির ভাগ ভবন ভেঙে পড়ায় অনেক চিলিবাসী গতকালও খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হয়েছে। গত শনিবার চিলিতে ৮ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়। এতে রাজধানী সান্তিয়াগোসহ দেশটির বেশ কয়েকটি শহর ও বন্দর ক্ষতিগ্রস্ত হয়। কর্মকর্তারা জানিয়েছেন, এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপে আটকা পড়ে আছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তর জানিয়েছে, চিলিতে ভূমিকম্পের পরও অনেকগুলো কম্পন হয়েছে। রোববার সর্বশেষ ৬ দশমিক ২ মাত্রার আরেকটি কম্পন ধারণ করেছে তারা।সান্তিয়াগোতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত প্রেসিডেন্ট কার্যালয়ে মন্ত্রী ও জেনারেলদের সঙ্গে ছয় ঘণ্টার বৈঠক শেষে ব্যাশেলেট সাংবাদিকদের বলেন, ‘আমরা এত ব্যাপক মাত্রার বিপর্যয়ের মধ্যে রয়েছি যে, এখান থেকে বেরিয়ে আসতে অনেক বড় উদ্যোগ নিতে হবে।’ তিনি জানান, নিখোঁজ মানুষের তালিকা দীর্ঘতর হচ্ছে। বৈঠকে ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কনসেপসিওন শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ সামরিক বাহিনীকে দেওয়ার একটি ঘোষণাপত্রে সই করেন তিনি। চিলি কর্তৃপক্ষ এরই মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় ত্রাণ পৌঁছানো শুরু করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় রোববার রাতে মাউল ও কনসেপসিওন শহরে কারফিউ জারি করা হয়। কনসেপসিওন শহরের একটি অ্যাপার্টমেন্ট ব্লক থেকে আটকে পড়া লোকদের উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। শহরের প্রায় সব বিপণিতেই লুটপাট চালানো হয়। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকায়ও লুটপাটের খবর পাওয়া গেছে। বিধ্বস্ত কনসেপসিওনের মেয়র জানিয়েছেন, খাদ্য ফুরিয়ে যাচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বিমান থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ফেলা হচ্ছে। মাউলে ও বিওবিও অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিনামূল্যে সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। বিপর্যস্ত বিদ্যুৎ-ব্যবস্থাও সারিয়ে তোলার কাজ শুরু করা হয়েছে। স্থানীয় সাংবাদিকেরা জানান, উপকূলবর্তী কনস্টিটুসিওন নামের একটি গ্রামে সাড়ে ৩৫০টি মৃতদেহ পাওয়া গেছে। কর্মকর্তারা জানান, রাজধানীতে সাধারণ যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। একটি পাতাল রেল চালু করা হয়েছে। রাস্তাগুলোকে যান চলাচলের উপযোগী করে তোলা হচ্ছে। সান্তিয়াগোর বিমানবন্দর খুলে দেওয়া হয়েছে। বিমানবন্দরের ভবন ও নিয়ন্ত্রণ টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কর্তৃপক্ষ তা বন্ধ করে দিয়েছিল।যুক্তরাষ্ট্রভিত্তিক ক্ষয়ক্ষতি নিরূপণকারী প্রতিষ্ঠান ইকুয়েক্যাট বলছে, ভূমিকম্পে চিলিতে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫০ থেকে ৩০০ কোটি ডলার হতে পারে। আগামী ১১ মার্চ পর্যন্ত দায়িত্বে থাকা প্রেসিডেন্ট ব্যাশেলেট বলেন, তাঁদের এ মুহূর্তে ফিল্ড হাসপাতাল, অস্থায়ী সেতু, পানি শোধনকারী প্লান্ট ও ক্ষয়ক্ষতি নিরূপণ বিশেষজ্ঞ দরকার। দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাওয়া সেবাস্তিয়ান পিনেরা বলেন, ‘এটা (উদ্ধার) অনেক বড় একটা কাজ। আমাদের সম্পদ দরকার।’ভূমিকম্পবিধ্বস্ত চিলির জন্য ১০ লাখ ডলার সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে চীন। গতকাল এক বিবৃতিতে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এ কথা জানায়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের আজ মঙ্গলবার সান্তিয়াগো সফর করার কথা। সেখানে তিনি ব্যাশেলেট ও পিনেরার সঙ্গে দেখা করবেন।এদিকে বড় ধরনের সুনামি সতর্কবার্তা জারি করার জন্য দুঃখ প্রকাশ করেছে জাপান কর্তৃপক্ষ। গতকাল জাপানের আবহাওয়া দপ্তরের কর্মকর্তা ইয়াসো সেকিতা বলেন, তাঁর দপ্তরের সুনামি সতর্কবার্তা একটু বেশি মাত্রার হয়ে গিয়েছিল। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। চিলির ভূমিকম্পের প্রভাবে সুনামির আশঙ্কায় রোববার জাপান সরকার উপকূল থেকে কয়েক লাখ মানুষকে সরিয়ে আনার নির্দেশ দেয়। তবে শেষ পর্যন্ত বড় ধরনের কোনো সুনামি আঘাত হানেনি। পরে গোটা দেশ থেকে সুনামি সতর্কতা প্রত্যাহার করে নেওয়া হয়। বিবিসি, এপি, এএফপি।