উদ্ধারকাজ চলছে, নিহতের সংখ্যা বেড়ে ২৫০
ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্প-দুর্গত এলাকায় জীবিত উদ্ধারে অভিযান শুরু হয়েছে। গত শনিবারের দুই দফা শক্তিশালী ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫০। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারি বাহিনীর পাশাপাশি স্থানীয় লোকজনও উদ্ধার অভিযানে নেমে পড়েছে। ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধার করে খোলা ময়দানে সারি করে রাখা হচ্ছে। স্বজন হারানো মানুষের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছে। শোকাবহ পরিবেশের মধ্যেই নিহত ব্যক্তিদের কবর দেওয়ার প্রস্তুতি চলছে। ভয়াবহ ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষ আহত হয়েছে। হাজার হাজার মানুষ জরুরি আশ্রয়কেন্দ্র ও খোলা আকাশের নিচে রাত কাটিয়েছে। বহু গ্রামের টেলিফোন-সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।শনিবার স্থানীয় সময় বিকেল চারটা ৫৩ মিনিটে তাবরিজ শহরের উত্তর-পূর্বাঞ্চলে প্রথম ভূমিকম্প আঘাত হানে। ১১ মিনিটের ব্যবধানে একই শহরে দ্বিতীয়বার ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে ৬ দশমিক ৪ ও ৬ দশমিক ৩। ভূমিকম্পে ছয়টি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং ৬০টি গ্রামের ৫০ শতাংশের বেশি ধ্বংস হয়েছে।ইরানের আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের প্রধান খলিল সাই বলেন, ‘নিহত মানুষের সংখ্যা ২৫০-এ দাঁড়িয়েছে। আহত লোকের সংখ্যা ছাড়িয়েছে দুই হাজার।’ কেন্দ্রের আরেক কর্মকর্তা মর্তুজা আকবরপুর বলেন, ক্ষতিগ্রস্ত অঞ্চলের ৫৩৭টি গ্রামের মধ্যে অন্তত ১১০টি গ্রাম ধ্বংস হয়ে গেছে। দুর্যোগপূর্ণ এলাকার মোট লোকসংখ্যা এক লাখ ২৮ হাজার ৫০০।ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের দপ্তর ক্ষয়ক্ষতির শিকার জনগণকে সাহায্য করতে সব ধরনের প্রচেষ্টা চালানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছে।রেড ক্রিসেন্টের এক কর্মকর্তা বলেন, ঘরবাড়ি ছেড়ে আসা হাজার হাজার মানুষকে জরুরি আশ্রয় ও সেবা দেওয়া হয়েছে। কানবার মেহদিজাদ গ্রামের এক কৃষক (৪০) বলেন, ‘আমি আমার খেতে কাজ করছিলাম। আমি ছিলাম ট্রাক্টরে। ভূমি কেঁপে ওঠার বিষয়টি আমি টের পাই এবং ট্রাক্টর থেকে ছিটকে পড়ি।’ তিনি বলেন, ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, আমি আমার পরিবারের সঙ্গে খেতে কাজ করছিলাম।’ বিবিসি ও এএফপি।ইরানে গত দুই দশকে কয়েকটি শক্তিশালী ভূমিকম্প১ এপ্রিল, ২০০৬ পশ্চিমাঞ্চলীয় দুর্গম এলাকায় ৬ মাত্রার ভূমিকম্পে নিহত ৭০, আহত এক হাজার ২০০। ২২ ফেব্রুয়ারি, ২০০৫ কেরমান প্রদেশের দুর্গম এলাকায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কয়েক শ লোকের মৃত্যু।২৬ ডিসেম্বর, ২০০৩ ঐতিহাসিক বাম শহরে ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ২৬ হাজার। ২৭ মে, ১৯৯৫ পূর্বাঞ্চলীয় বিরজান্দে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে নিহত এক হাজার ৬০০-এর বেশি। ২১ জুন, ১৯৯০ গিলান প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে নিহত প্রায় ৪০ হাজার।