উদ্ধারকাজ চলছে, মৃতের সংখ্যা ৩০০ ছাড়াতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির উপকূলে ডুবে যাওয়া আশ্রয়প্রার্থীদের নৌকাটি থেকে মৃতদেহ উদ্ধারের কাজ চলছে। গতকাল শুক্রবার এ কাজ শুরু করেন ডুবুরিরা। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার হয়েছে ১১১টি মৃতদেহ। যদিও প্রাথমিক খবরে তা ১৩০ বলে উল্লেখ করা হয়েছিল। তবে মৃতের সংখ্যা ৩০০ ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
৪৫০ থেকে ৫০০ আরোহী নিয়ে নৌকাটি গত বৃহস্পতিবার ভোরের দিকে ইতালির সর্বদক্ষিণ উপকূলের লাম্পেদুসা দ্বীপের কাছে ডুবে যায়। আরোহীদের বেশির ভাগই আফ্রিকার সোমালিয়া ও ইরিত্রিয়ার নাগরিক।
স্থানীয় জরুরি বিভাগের কর্মকর্তারা গতকাল দুপুরে জানান, নৌকাটির ১৫৫ জন আরোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, নৌকাটি লিবিয়ার মিসরাতা বন্দর থেকে যাত্রা শুরু করেছিল। লাম্পেদুসা দ্বীপের কাছে পৌঁছার পর তাঁরা একটি কম্বলে আগুন ধরিয়ে দিয়ে ইতালির উপকূলরক্ষীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। কম্বলের আগুন দ্রুত নৌকাটির বিভিন্ন দিকে ছড়িয়ে পড়লে আতঙ্কে ছোটাছুটি শুরু হয়। এতে নৌকাটি দুলতে শুরু করে এবং একপর্যায়ে ডুবে যায়। প্রাণ বাঁচাতে তখন অনেকে সাগরে ঝাঁপ দেন।
উদ্ধারকারীরা জানিয়েছেন, লাম্পেদুসার মর্গে জায়গা না হওয়ায় কিছু লাশ স্থানীয় একটি বিমানবন্দরের ছাউনিতে রাখা হয়েছে।
ডুবুরিরা জানিয়েছেন, তাঁরা ডুবে যাওয়া নৌকাটির ভেতরে এবং চারপাশে বহু মৃতদেহ দেখেছেন। এ ছাড়া সাগরের স্রোতের টানে কিছু মৃতদেহ দূরে চলে গিয়ে থাকতে পারে।
জাতিসংঘের একজন কর্মকর্তা এই মর্মান্তিক ঘটনার জন্য অবৈধ অভিবাসীদের প্রতি ‘নিপীড়নমূলক নীতিকে’ দায়ী করেছেন। জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, এ ঘটনার পর অভিবাসীদের অধিকার রক্ষার বিষয়ে একটি ত্বরিত পদক্ষেপ নেওয়া হবে বলে তাঁর বিশ্বাস। ইতালির ভ্যাটিকান সিটিতে যার দপ্তর, ক্যাথলিক খ্রিষ্টানদের সেই শীর্ষ নেতা পোপ ফ্রান্সিস এই বিপর্যয়কে ‘লজ্জাজনক’ বলে আখ্যায়িত করেছেন। তিনি এ ধরনের মৃত্যু ঠেকাতে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এএফপি ও রয়টার্স।