উদ্ধারে কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ঘটনায় ডুবে যাওয়া ইতালির আলোচিত প্রমোদতরি কোস্টা কনকর্ডিয়াকে আবার সাগরে ভাসানোর কাজ গতকাল সোমবার শুরু হয়েছে। উদ্ধারকাজের সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা জাহাজটির সঙ্গে সংযুক্ত ট্যাংকগুলোতে বাতাস সঞ্চালন করে সেটিকে ধীরে ধীরে ভাসানোর চেষ্টা করছেন। ছয় থেকে সাত দিন এই কাজ চলবে। এরপর জাহাজটি ইতালির জেনোয়া বন্দরে নিয়ে ভেঙে ফেলা হবে। কোস্টা কনকর্ডিয়া ২০০৫ সালে প্রথম সাগরে ভাসে। ২০১২ সালের ১৩ জানুয়ারি জাহাজটি ইতালির দ্বীপ গিগলিওর কাছে একটি শৈলখণ্ডের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনার সময় এতে তিন হাজার ২০০-এর বেশি যাত্রী এবং এক হাজারের বেশি ক্রু ছিলেন। দুর্ঘটনায় অন্তত ৩২ জনের মৃত্যু হয়। আকৃতিতে কোস্টা কনকর্ডিয়া ১৯১২ সালে উত্তর আটলান্টিক মহাসাগরে নিমজ্জিত জাহাজ টাইটানিকের দ্বিগুণ।
বিবিসি