উদ্বাস্তু পশুর ক্লিনিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগর পুড়িলে কি দেবালয় এড়ায়? বানের পানি কি কোনো বাঁধ মানে? যুদ্ধের নির্মমতা থেকে কি নারী-শিশু রেহাই পায়? সব কটি প্রশ্নের একই জবাব মেলে—‘না’। প্রাকৃতিক কিংবা মনুষ্যসৃষ্ট যেকোনো দুর্যোগ-দুর্বিপাকে আক্রান্ত হয় সবাই। মানুষ থেকে শুরু করে গবাদিপশু—সবার জীবনই হয়ে পড়ে অনিরাপদ, অনিশ্চিত। পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে সামরিক অভিযানের পরিণতিও দাঁড়িয়েছে তেমন। অভিযানে সেখানে পাঁচ লাখ মানুষ উদ্বাস্তু হয়েছে। সেই সঙ্গে আশ্রয়হীন হয়ে পড়েছে হাজার হাজার প্রাণী ও গবাদিপশু। খবর ডনের।
পাকিস্তানের প্রাদেশিক ও সীমান্ত অঞ্চলবিষয়ক মন্ত্রণালয় (স্যাফরন) ও খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিডিএমএ) কর্মকর্তারা বলেন, আশ্রয়হীন প্রাণীদের মধ্যে গাধা, ঘোড়া, ভেড়া ও ছাগল রয়েছে। স্যাফরন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এসব পশুর আশ্রয়হীন হয়ে পড়ার বিষয়টি সরকারের নজরে আনে। এরপর সরকার এসব পশুর সুরক্ষায় এগিয়ে আসে। পশুদের সুস্থ করে তুলতে বান্নু, লাক্কি মারওয়াত, ডিআই খান, করক ও টাঙ্ক এলাকায় ১৫টি ভ্রাম্যমাণ ক্লিনিক প্রতিষ্ঠা করা হয়।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দেওয়া তথ্যে জানা যায়, এসব ক্লিনিকের মাধ্যমে ইতিমধ্যে ২০ হাজারের বেশি পশুর চিকিৎসা দেওয়া হয়েছে।পিডিএমএর কর্মকর্তারা বলেন, সামরিক অভিযানের পর থেকে উদ্বাস্তু পশুদের মধ্যে ছয় হাজার ৫২টি মারা গেছে।
ওয়াজিরিস্তানে সামরিক অভিযানের উদ্বাস্তু মানুষ তাদের গৃহপালিত পশুকে নিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটছে। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় অনেক প্রাণী অসুস্থ হয়ে পড়ছে, আবার অনেক প্রাণী মারা যাচ্ছে।
খাইবার পাখতুনখাওয়ার সরকার বলছে, এসব গবাদিপশুর জন্য শুকনা খাদ্য কিনতে এ পর্যন্ত ১০ কোটি রুপির বেশি অর্থ ব্যয় করা হয়েছে।