উদ্বাস্তুদের পাশে ছায়া যেজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৭৫০ জন বিদ্রোহী হাসপাতালটি ঘিরে ফেলে। এরপর বন্দুকের গুলির আওয়াজ। ‘মামা হাওয়া’ নামে পরিচিত ড. হাওয়া আবদি জানালা দিয়ে বাইরে তাকালেন। মুহূর্তেই বুঝে ফেললেন বিদ্রোহীরা তাঁকে ঘিরে ফেলেছে। ‘তোমরা হাসপাতালটি ঘিরে ফেলেছ কেন?’ আবদির এই প্রশ্নের কোনো জবাব দিল না বিদ্রোহীরা। ঘটনাস্থল সোমালিয়ার রাজধানী মোগাদিসুর উপকণ্ঠের একটি এলাকা। এলাকাটির কয়েক মাইলের মধ্যে ৬৩ বছর বয়সী আবদিই একমাত্র প্রশিক্ষিত চিকিৎসক। তিনি হাসপাতাল এলাকাজুড়ে ক্লিনিক, বিদ্যালয় ও খাদ্য কর্মসূচি চালু করেছেন। যুদ্ধের কারণে উদ্বাস্তু ও দরিদ্র হয়ে পড়া বহু মানুষ তাঁর এই কর্মসূচি থেকে উপকৃত হচ্ছে। কিছু সময় পরই বিদ্রোহীদের কমান্ডার বন্দুকের নলের মুখে আবদিকে আটক করেন। কমান্ডারের অনুগত বিদ্রোহীরা হাসপাতালের বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে কাগজপত্র তছনছ করে। গুলি করে চিকিৎসা-যন্ত্রপাতি নষ্ট ও জানালা ভেঙে ফেলে। কিন্তু হঠাৎই পাল্টে যায় দৃশ্য। আবদির নিজ হাতে গড়ে তোলা উদ্বাস্তু শিবির থেকে শত শত নারী ছুটে আসে ঘটনাস্থলে। তারা প্রতিরোধ গড়ে তোলে। এ অবস্থায় পিছু হটতে বাধ্য হয় বিদ্রোহীরা। আবদি বন্দুকধারীদের বলেন, ‘আমি হাসপাতাল ছাড়ছি না। মরলে আমার লোকজনসহ এবং মর্যাদা নিয়েই মরব।’ ২০ বছর ধরে গৃহযুদ্ধ চলছে পূর্ব আফ্রিকার এই দেশটিতে। স্বাস্থ্যব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। চিকিৎসাসেবা দেওয়ার মতো সারা দেশে মাত্র কয়েকটি হাসপাতাল আছে।একটি দেশের যুদ্ধবিধ্বস্ত রাজধানীতে সরকার যেখানে মাত্র অল্প কিছু জায়গায় চিকিৎসাসেবা পৌঁছাতে পারছে, সেখানে আবদি ও তাঁর মেয়ে রীতিমতো চিকিৎসানগর গড়ে তুলেছেন। পাশাপাশি সেখানে বসবাসরত পরিবারগুলোকে পুকুর ও খামার গড়তে সহযোগিতা দিচ্ছেন। মোগাদিসু থেকে ১৫ মাইল দূরে আবদির এই চিকিৎসানগর। তাঁর হাসপাতালটি ঘিরে গম্বুজাকৃতির বহু ঘর তৈরি করা হয়েছে। সেখানে বাস করছে ৯০ হাজার উদ্বাস্তু। এখানে বিনা পয়সায় চিকিৎসাসেবা দেওয়া হয়। বিভিন্ন দাতার সহযোগিতায় চলছে এই বিশাল কর্মযজ্ঞ। চোখে পুরু লেন্সের চশমা পরে দুস্থ ও অসহায় মানুষের ত্রাণকর্তা আবদি বলেন, ‘আমি আমাকে বাঁচাতে লড়ছি না, মানুষকে বাঁচাতে লড়ছি। আমি তাঁদের নিয়ে স্বপ্ব দেখি। আর কোনো মানুষ যেন অসহায় অবস্থায় মৃত্যুবরণ না করে।’ নিউইয়র্ক টাইমস।