যুক্তরাষ্ট্রে বাজেট বরাদ্দ নিয়ে সৃষ্ট অচলাবস্থার প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বজুড়েই। ‘শাটডাউন’ নামে পরিচিত এই প্রশাসনিক অচলাবস্থার কারণে বিভিন্ন দেশ হকচকিত ও উদ্বিগ্ন।
এদিকে মার্কিন রাজস্ব বিভাগ আশঙ্কা প্রকাশ করে বলেছে, নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারের ঋণসীমা বাড়ানো না হলে দেশ ‘মহাদুর্যোগে’ পড়তে পারে।
ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় ব্যাংক কর্মকর্তারা উদ্বিগ্ন হয়ে মার্কিন আইনপ্রণেতাদের পদক্ষেপের দিকে তাকিয়ে আছেন। ‘শাটডাউনের’ ফলে যুক্তরাষ্ট্রের ভূমিকম্প পর্যবেক্ষণব্যবস্থা পর্যন্ত বন্ধ রয়েছে, যা বিশ্বে সবচেয়ে দক্ষ ও নির্ভরযোগ্য হিসেবে বিবেচিত। আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলনে মার্কিন বিজ্ঞানীদের যোগ দেওয়া ব্যাহত হওয়াসহ নানা সংকট সৃষ্টি হয়েছে।
ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান মারিও ড্রাগি বলেন, মার্কিন পরিস্থিতির কারণে অর্থনীতিতে একটি ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে। এই ঝুঁকি শুধু যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে নয়, পুরো বিশ্বের অর্থনীতির জন্যই প্রযোজ্য।
বিশ্লেষকেরা বলছেন, এই পরিস্থিতি ইউরোপের জন্য তুলনামূলকভাবে বেশি ঝুঁকিপূর্ণ। কারণ, ওই অঞ্চলে গ্রিস, স্পেনসহ বেশ কয়েকটি দেশ অভ্যন্তরীণ ঋণ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে।
চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা সিনহুয়া এক মন্তব্য প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি দেশটির ‘দলবাজির রাজনীতির ন্যক্কারজনক ফল’। তাৎক্ষণিকভাবে এর প্রভাব তেমন চোখে না পড়লেও কয়েক সপ্তাহ ধরে অচলাবস্থা চললে বড় ধরনের ঝুঁকির সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে।
জাপানের অর্থমন্ত্রী তারো আসো দ্রুত সংকট কাটিয়ে ওঠার পদক্ষেপ নিতে মার্কিন আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে বৈশ্বিক অর্থনীতিতে এর ব্যাপক প্রভাব পড়বে।
মার্কিন রাজস্ব বিভাগ বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলেছে, ১৭ অক্টোবরের মধ্যে সরকারের ঋণসীমা বাড়িয়ে ১৬ দশমিক ৭০ ট্রিলিয়ন ডলার না করা হলে দেশ মহাদুর্যোগে পড়বে। এর ফলে যুক্তরাষ্ট্র ২০০৮-০৯ সালের মতো অর্থনৈতিক মন্দায় পড়তে পারে বলেও হুঁশিয়ার করা হয়েছে।
অর্থবছর শেষ হলেও ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টি এবং বিরোধী দল রিপাবলিকান পার্টির মতানৈক্যের কারণে বেশ কিছু সেবা খাতে নতুন করে অর্থ বরাদ্দ দেওয়া হয়নি। এটাই বর্তমান অচলাবস্থার কারণ। এএফপি।