উদ্বেগ বাড়ছে নেপালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার-চারবারের ব্যর্থ চেষ্টার পর নেপালের পার্লামেন্ট যখন আবারও প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন দেশটির রাজনৈতিক সংকটে প্রতিবেশী ভারতের ভূমিকা নিয়ে দেশটিতে উদ্বেগ বাড়ছে।নতুন সরকার গঠনের পথ তৈরি করে দিতে ইতিমধ্যেই গত মে মাসে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে রাজি হন নেপালের প্রধানমন্ত্রী।কিন্তু নতুন প্রশাসনের কাঠামো নিয়ে এখনো মতৈক্যে পৌঁছাতে পারেননি নেপালি নেতারা। এ পরিস্থিতিতে চলতি মাসের শুরুর দিকে দেশের অন্যতম জ্যেষ্ঠ একজন দূতকে নেপালে পাঠায় ভারত।ভারত বলেছে, একটি স্থিতিশীল সরকার গঠনে তারা প্রতিবেশী দেশকে সহায়তা করতে চায়। তবে অনেকেই মনে করেন, ভারতের আসল উদ্দেশ্য হচ্ছে মাওবাদী নেতা পুষ্পকমল দহল প্রচণ্ডকে ক্ষমতায় আসতে না দেওয়া। ভারতের খোলাখুলি সমালোচনা করে থাকেন এই মাওবাদী নেতা।যুক্তরাষ্ট্রের দ্য নিউ স্কুল ইউনিভার্সিটির ইন্ডিয়া-চায়না ইনস্টিটিউটের জ্যেষ্ঠ পরিচালক অশোক গুরুং বলেন, নেপালের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হচ্ছে—এ ধারণা বৃদ্ধি পেয়েছে।এই বিশ্লেষক আরও বলেন, এটা পরিষ্কার যে নেপালের রাজনীতিতে ভারতীয় কর্তৃপক্ষের ‘সূক্ষ্ম ভূমিকা’ জোরালো হয়েছে। যা নেপালে ভারতবিরোধী মনোভাব সৃষ্টি করছে। গত সপ্তাহে একজন মাওবাদী আইনপ্রণেতা অভিযোগ করেন, একজন ভারতীয় কর্মকর্তা তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। পুষ্পকমল দহলের পক্ষে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে লবিং না করার জন্য তাঁকে সতর্ক করে দিয়েছেন ওই কর্মকর্তা। কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাস এই অভিযোগকে ‘ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন’ হিসেবে বর্ণনা করেছে। কিন্তু মাওবাদী আইনপ্রণেতার অভিযোগের বিষয়টি সপ্তাহ ধরে পত্রপত্রিকার প্রথম পাতায় স্থান পায়। নেপালের অনেকেই মনে করেন, এই অভিযোগ আংশিক হলেও সত্যি।বিশ্লেষকেরা বলছেন, ভারত দীর্ঘদিন ধরেই প্রতিবেশী নেপালের ওপর রাজনৈতিক প্রভাব বিস্তার করে আসছে। জ্বালানি ও খাদ্যের জন্য দেশটি ভারতের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।স্থলবেষ্টিত দেশ নেপালের আমদানি ও রপ্তানি ভারতের ভেতর দিয়ে হয়ে থাকে। ভারত নেপালের অন্যতম প্রধান দাতা দেশও বটে।রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত ঝা বলেন, নেপালের রাজনীতিতে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—এ ধারণা বাড়ছে।এশিয়ার দুই শক্তিশালী দেশ চীন ও ভারতের মাঝখানে নেপালের অবস্থান। বিশ্লেষকেরা বলছেন, রাস্তাঘাট ও অন্যান্য অবকাঠামো প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে চীনও নেপালের ওপর প্রভাব বাড়াতে চাইছে। এএফপি।