মালয়েশিয়া এয়ারলাইনসের নিখোঁজ যাত্রীবাহী উড়োজাহাজটির সন্ধান মিলছেই না। বরং উধাও হওয়ার ষষ্ঠ দিনে পাওয়া গেছে আরও কিছু পরস্পরবিরোধী তথ্য। সব মিলিয়ে গতকাল বৃহস্পতিবার ফ্লাইট এমএইচ ৩৭০ রহস্য আরও জট পাকিয়েছে।
মার্কিন দৈনিকওয়াল স্ট্রিট জার্নাল গতকাল বলেছে, যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা ধারণা করছেন, বিমানটি রাডারে সর্বশেষ দেখা যাওয়ার পরও দীর্ঘ সময় আকাশে উড়েছিল। তবে মালয়েশীয় কর্তৃপক্ষ এ তথ্যের সত্যতা নাকচ করে দিয়েছে।
ঘটনাটির ‘খুঁটিনাটি বিষয়ে ওয়াকিবহাল’ দুটি সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ওই বোয়িং ৭৭৭-এর ইঞ্জিন থেকে নিচে সম্প্রচারিত তথ্যের ভিত্তিতে তদন্তকারীদের ধারণা, সর্বশেষ যোগাযোগের পর প্রায় চার ঘণ্টা আকাশে উড়েছে বিমানটি। অর্থাৎ আকাশে ওড়ার পর থেকে বিমানটি মোট পাঁচ ঘণ্টা আকাশে অবস্থান করে। ওয়াল স্ট্রিট জার্নাল সূত্র দুটির পরিচয় প্রকাশ করেনি।
খবরে আরও বলা হয়, যাত্রীদের মধ্যে কেউ রাডারে ধরা পড়া এড়াতে বিমানটির ট্রান্সপন্ডার (বেতার সংকেত আদান-প্রদান যন্ত্র) বন্ধ করে দিয়ে বিমানটিকে অন্য পথে নিয়ে গেছে কি না, তা খতিয়ে দেখছেন মার্কিন কর্মকর্তারা।
পত্রিকাটির এ তথ্য সঠিক হলে বিমানটি কেন এতক্ষণ যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় উড়েছে এবং এ সময়ে কে-ইবা এটি নিয়ন্ত্রণ করল, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
তবে মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী গতকাল এক সংবাদ সম্মেলনে খবরটি সঠিক নয় বলে দাবি করেন। এ ব্যাপারে মালয়েশিয়া এয়ারলাইনস ও উড়োজাহাজটির নির্মাতা বোয়িং কোম্পানির কর্মকর্তাদের পাশাপাশি ইঞ্জিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান রোলস-রয়েসের প্রতিনিধিরা কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
কথিত ধ্বংসাবশেষের ছবি ও অস্বীকার: চীন গত বুধবার স্যাটেলাইটে ধারণকৃত কিছু ছবি প্রকাশ করে। ছবিগুলো গত রোববারের তোলা। বিমানটির সর্বশেষ চিহ্নিত অবস্থান থেকে দেড় শ মাইল (২৫০ কিলোমিটার) দূরে দক্ষিণ চীন সাগরে ভাসমান তিনটি ‘সন্দেহজনক বস্তু’ দেখা যায় এসব ছবিতে। সবচেয়ে বড় বস্তুটি আকারে ছিল ২৪-২২ মিটার।
মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী গতকাল বলেন, কুয়ালালামপুরে চীনের দূতাবাস জানিয়েছে, স্যাটেলাইটের ছবিগুলো ভুলবশত প্রকাশ করা হয়েছে। নিখোঁজ বিমানের সঙ্গে এসব ছবির সম্পর্ক নেই। মালয়েশিয়ার কর্তৃপক্ষ বিমানটির বিষয়ে কোনো কিছু গোপন করছে না বলেও এ সময় দাবি করেন তিনি।
মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান আজহারউদ্দিন আবদুল রহমান ওই ছবি প্রসঙ্গে গতকাল কুয়ালালামপুরে সাংবাদিকদের বলেন, ‘সেখানে কিছুই নেই। আমরা গিয়েছিলাম। কিছু পাইনি।’
এর আগে ভিয়েতনামের কর্তৃপক্ষও ওই অঞ্চলে ব্যাপক তল্লাশি চালায়। এ বিষয়ে ভিয়েতনামের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উপপরিচালক দিনহ ভিয়েত থ্যাং বলেন, ঘটনাস্থল পরিদর্শনে দুটি বিমান পাঠানো হয়। কিন্তু সেখানে কিছু পাওয়া যায়নি।
১৪টি দেশের ২৩৯ জন আরোহী নিয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের এমএইচ-৩৭০ ফ্লাইটটি গত শুক্রবার মধ্যরাতের কিছু পর চীনের বেইজিংয়ের উদ্দেশে কুয়ালালামপুর ত্যাগ করে। উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পর রাডারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং গতকাল প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, বিন্দু পরিমাণ আশা থাকা পর্যন্ত তাঁর দেশ নিখোঁজ বিমানটির অনুসন্ধান চালিয়ে যাবে। বিবিসি, এএফপি ও রয়টার্স।
শনিবার
দক্ষিণ চীন সাগরে বিমানটি বিধ্বস্ত হওয়ার খবর। সাগরে তেলের রেখা দেখার কথাও জানানো হয়
রোববার
দুই আরোহীর জাল পাসপোর্ট ব্যবহারকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার আশঙ্কা প্রকাশ করা হয়
সোমবার
বিমানটি দিক পরিবর্তন করে ফিরছিল। ভিয়েতনামের থো চু দ্বীপের কাছে ধ্বংসাবশেষ পাওয়ার দাবি
মঙ্গলবার
মালয়েশিয়ার সেনাবাহিনী দাবি করে, নিখোঁজ হওয়ার আগে বিমানটি মালাক্কা প্রণালির ওপর দিয়ে উড়ছিল
বুধবার
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে বিমানটির ধ্বংসাবশেষ দেখা গেছে বলে দাবি করে চীনা কর্তৃপক্ষ
বৃহস্পতিবার
যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরও বিমানটি চার ঘণ্টা আকাশে উড়ছিল বলে খবর
বিভ্রান্তি
নিখোঁজ হওয়ার পর থেকে নতুন নতুন তথ্য পাওয়া গেলেও পরে কোনো না কোনো কর্তৃপক্ষ এর সত্যতা নাকচ করেছে