উন্নয়ন, সুশাসন আর রামমন্দির নির্মাণের অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইশতেহার হাতে নরেন্দ্র মোদি । এএফপি
ইশতেহার হাতে নরেন্দ্র মোদি । এএফপি

ভারতের ষোড়শ লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে। কিন্তু জনমত জরিপ অনুযায়ী জয়ী হওয়ার জোরালো সম্ভাবনা যাদের, সেই ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এত দিন নির্বাচনী ইশতেহারই দিচ্ছিল না। এ নিয়ে প্রতিদ্বন্দ্বী কংগ্রেসসহ নানা মহল থেকে বিস্তর কথা হচ্ছিল। অবশেষে নজিরবিহীনভাবে নির্বাচন শুরুর দিন গতকাল সোমবার ইশতেহার দিল দলটি।
ইশতেহারে অগ্রাধিকারের ভিত্তিতে দেশের উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। অন্যান্য বিষয়ের পাশাপাশি এতে বলা হয়েছে, বিদেশি বিনিয়োগকে স্বাগত জানালেও খুচরা ব্যবসায় বাইরের লগ্নির অনুমতি দেওয়া হবে না, কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া সংবিধানের ৩৭০ ধারা বাতিল করা হবে আর অযোধ্যায় ‘সংবিধানসম্মতভাবে’ নির্মাণ করা হবে রামমন্দির।
নয়াদিল্লিতে দলের প্রধান কার্যালয়ে ৫২ পৃষ্ঠার ইশতেহার প্রকাশের পর বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি বলেন, ‘এই নির্বাচনী ইশতেহার শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটা আমাদের লক্ষ্য। সুশাসন ও উন্নয়নই হবে আমাদের প্রধান করণীয়।’ সঙ্গে মোদি এ কথাও বলেন, ‘আমি নিজের জন্য কিছু করব না। মন্দ উদ্দেশ্য থেকেও কিছু করব না।’
গুজরাটের অর্থনৈতিক সাফল্যের জন্য কৃতিত্ব পাওয়া মোদি প্রধানমন্ত্রী হলে বিনিয়োগবান্ধব হবেন—এমন একটা ধারণা কাজ করছে ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে। বিজেপির ইশতেহারেও থাকল তেমন অঙ্গীকার। এতে বলা হয়েছে, সব খাতে কর্মসংস্থান সৃষ্টিতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগকে (এফডিআই) উৎসাহিত করা হবে। তবে ওয়ালমার্টের মতো বিদেশি খুচরা ব্যবসায়ীরা সেই সুযোগ পাবেন না।
রামমন্দির ও কাশ্মীরের বিশেষ মর্যাদার মতো আরও একটি বিতর্কিত বিষয় আছে বিজেপির ইশতেহারে। দলটি বলেছে, তারা সরকার গঠন করলে ‘লৈঙ্গিক সমতা’ রক্ষায় ‘ইউনিফর্ম সিভিল কোড’ প্রণয়ন করবে।
করব্যবস্থা সহজ করা, প্রতিটি পরিবারের জন্য স্বল্প ব্যয়ে আবাসন ব্যবস্থা ও নতুন জাতীয় স্বাস্থ্যনীতি প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি।
ভারত বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। বিজেপি তাদের ইশতেহারে বলেছে, তারা ক্ষমতায় এলে ‘সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায়’ পারমাণবিক নীতি ঢেলে সাজানো হবে।
কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) দুই মেয়াদের শাসনের ১০ বছরকে ‘অবক্ষয়ের দশক’ বলে সমালোচনা করা হয়েছে বিজেপির ইশতেহারে। বলা হয়েছে, ইউপিএর শাসনামলে সুশাসন, অর্থনীতি, কূটনীতি, পররাষ্ট্রনীতি ও সীমান্ত নিরাপত্তাসহ সব ক্ষেত্রে ভারতের পতন হয়েছে। একই সঙ্গে দুর্নীতি, কেলেঙ্কারি ও নারীর বিরুদ্ধে সহিংসতা সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। সরকার ও প্রতিষ্ঠানের সীমাহীন অপব্যবহারের ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্তৃত্বও খর্ব করা হয়েছে।
রামমন্দিরের বিষয়ে ইশতেহারে বলা হয়েছে, ‘সংবিধানের আওতার মধ্যে থেকেই আবার রামমন্দির নির্মাণের সব চেষ্টা করা হবে। যেখানে ছিল, সেখানেই তা হবে।’
বিজেপি হিন্দুত্ববাদী আদর্শের দল বলে রামমন্দির বিষয়ে তারা কী অঙ্গীকার করে, তা নিয়ে সবার কৌতূহল ছিল। বাবরি মসজিদ ধ্বংসের পর থেকেই বিরোধপূর্ণ জায়গায় রামমন্দির নির্মাণের কথা বলে আসছিল তারা।
১৯৯২ সালে উত্তর প্রদেশের অযোধ্যায় ষোড়শ শতাব্দীর বাবরি মসজিদ ভেঙে দেয় কট্টরপন্থী হিন্দুরা। তাদের দাবি, সেখানে একসময় রামমন্দির ছিল। অযোধ্যা রামের জন্মভূমি ছিল বলে হিন্দুধর্মাবলম্বীদের বিশ্বাস।
নির্বাচনী ইশতেহার প্রস্তুত কমিটির চেয়ারম্যান ছিলেন বিজেপির জ্যেষ্ঠ নেতা মুরলি মনোহর যোশি। রামমন্দির নিয়ে দলের মধ্যেই মতপার্থক্য আছে বলে যে কথা শোনা যাচ্ছে, সে বিষয়ে জানতে চাইলে যোশি বলেন, ‘ইশতেহারে যা আছে, তা তো দেখছেনই। এখন এর ভিত্তিতে আপনার নিজস্ব কোনো মতামত লিখতে চাইলে তা লিখতে পারেন।’
তবে যোশির দাবি, নির্বাচনে জিততে তাঁর দল হিন্দুত্বকে কাজে লাগাচ্ছে না। বরং তাঁর মতে, ‘রামমন্দিরের বিষয়টি আমাদের কাছে সংস্কৃতিগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। এর সঙ্গে হিন্দুত্ববাদ বা অন্য কিছুর কোনো সম্পর্ক নেই।’ এ জন্যই রামমন্দির পুনর্নির্মাণের বিষয়টিকে ইশতেহারের ‘সাংস্কৃতিক ঐতিহ্য’ অংশে স্থান দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন যোশি।
এমনিতেই দেরি করার পর প্রচারণার শেষ দিকে একবার ৩ এপ্রিলের কথা বলেও আবার ৭ এপ্রিল অর্থাৎ নির্বাচন শুরুর দিন ইশতেহার ঘোষণার কথা জানায় বিজেপি। ইশতেহার প্রকাশে বিজেপির বিলম্বের বিষয়ে এনডিটিভি লিখেছে, দলের আদর্শবাদী পরামর্শদাতা সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সঙ্গে ঘনিষ্ঠ নেতা এবং নতুন প্রজন্মের নেতৃত্বের মধ্যকার দ্বন্দ্বই এর কারণ হতে পারে। নতুন প্রজন্ম চায়, দল বর্তমান প্রজন্মের ভোটারদের আশা-আকাঙ্ক্ষাকে সামনে আনুক।
বিজেপির ইশতেহারের শিরোনাম ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত; সবার সঙ্গে, সবার বিকাশ’।
পররাষ্ট্রনীতি বিষয়ে বিজেপি তাদের ইশতেহারে বলেছে, সার্ক ও আসিয়ানের মতো আঞ্চলিক সংস্থাকে জোরদার করা হবে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আন্তসীমান্ত সন্ত্রাস, মাদক পাচার, জলবায়ু পরিবর্তন ও অবকাঠামোগত উন্নয়নের সমস্যাগুলোর সমাধান করা হবে।
পিটিআই, টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।