উপকূলে ক্ষেপণাস্ত্র মোতায়েন উত্তর কোরিয়ার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলে মাঝারিপাল্লার দুটি ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তা লুকিয়ে রেখেছে বলে দক্ষিণ কোরিয়া দাবি করেছে। গতকাল শুক্রবার কোরীয় সংবাদ সংস্থা ইয়োনহাপে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।দক্ষিণ কোরিয়ার দাবি সত্য হলে এই ক্ষেপণাস্ত্র প্রশান্ত মহাসাগরে অবস্থিত জাপান ও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম হবে। তবে কোনো নিরপেক্ষ সূত্র থেকে এ খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এমনকি দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।দক্ষিণ কোরিয়ার একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার বরাত দিয়ে ইয়োনহাপ বলেছে, ‘চলতি সপ্তাহের গোড়ার দিকে উত্তর কোরিয়া ট্রেনে করে দুটি ক্ষেপণাস্ত্র পূর্ব উপকূলে নিয়ে মোতায়েন করেছে।’ তবে কী ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে, সে সম্পর্কে প্রতিবেদনে কিছু বলা হয়নি। কিন্তু গুঞ্জন ছড়িয়েছে, এখন পর্যন্ত অপরীক্ষিত দুটি ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে উত্তর কোরিয়া। এর একটি হচ্ছে মুসুদান ক্ষেপণাস্ত্র, যার পাল্লা তিন হাজার কিলোমিটার। অন্যটি হলো কেএন-০৮। এটি আন্ত-মহাদেশীয় ক্ষেপণাস্ত্র।পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্র তার নিয়ন্ত্রণাধীন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরঞ্জাম মোতায়েন শুরু করেছে।কোরিয়া উপদ্বীপে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া এবং জাতিসংঘের নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ হয়ে উত্তর কোরিয়া তাদের সামরিক সক্ষমতা প্রদর্শন করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার হুমকি দিচ্ছে পিয়ংইয়ং।গত প্রায় এক মাস ধরে কোরিয়া উপদ্বীপে দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। উত্তর কোরিয়ার দাবি, এই অঞ্চলে যেকোনো সময় পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। তবে বিশ্লেষকেরা বলছেন, উভয় পক্ষ থেকে উসকানিমূলক ও বাগাড়ম্বরপূর্ণ কথাবার্তা বলা হলেও তারা হঠাৎ করেই কোনো ধরনের হামলার আশঙ্কা করছেন না। রয়টার্স।