উপনির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না: সু চি
মিয়ানমারের উপনির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না। গতকাল শুক্রবার ইয়াঙ্গুনে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে দেশি ও বিদেশ সাংবাদিকদের কাছে এই আশঙ্কা প্রকাশ করেন দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। আগামীকাল ১ এপ্রিল রোববার দেশটির পার্লামেন্টের ৪৮টি আসনের উপনির্বাচন হবে। এতে সু চি (৬৬) ইয়াঙ্গুনের দক্ষিণ-পশ্চিমের কাহমু আসন থেকে লড়ছেন।সু চি বলেন, নির্বাচন ঘিরে ভয় দেখানোর পাশাপাশি ধ্বংসাত্মক কর্মকাণ্ডের ঘটনা ঘটছে। তবে তা সত্ত্বেও সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) নির্বাচনে অংশ নেবে। নোবেল শান্তি পুরস্কারজয়ী এই নেত্রী বলেন, ‘কয়েক মাস ধরে এখানে যা ঘটে চলেছে, এর ভিত্তিতে বিবেচনা করা হলে নির্বাচন প্রকৃতপক্ষে অবাধ ও সুষ্ঠু হবে বলে মনে করি না।’এনএলডি নেত্রী বলেন, গণতান্ত্রিক নির্বাচনের জন্য গ্রহণযোগ্য নয়, এমন অনেক অনিয়ম হওয়া সত্ত্বেও সামনে এগিয়ে যেতে আমরা অঙ্গীকারবদ্ধ। কারণ মানুষ গণতন্ত্র চায়।সু চি এই ভোটের আয়োজন সম্পর্কে বলেন, ‘এটি গণতন্ত্রের দিকে এক ধাপ অগ্রগতি। আমাদের মতামত হচ্ছে, একবার পার্লামেন্টে প্রবেশের সুযোগ পেলে আমরা প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার দিকে এগিয়ে যেতে পারব।’ গণতান্ত্রিক আন্দোলনের এই নেত্রী বলেন, নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা বাড়ছে। এটি গণণতন্ত্রের পথে আমাদের বিশাল বিজয়।সংবাদ সম্মেলনে এনএলডি অভিযোগ করেছে, নির্বাচনী প্রচারণার সময় সুবিধাজনক স্থানে তাঁদের সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। এ ছাড়া ভোটার তালিকায় প্রচুর ভুয়া ভোটার রয়েছে। এমনকি সু চির নির্বাচনী এলাকার ভোটার তালিকায় কয়েক শ মৃত ব্যক্তির নাম পাওয়া গেছে। দলটির অভিযোগ, দলীয় প্রার্থীদের ওপর হামলার চেষ্টাও চলেছে। সমপ্রতি এনএলডির একজন প্রার্থীকে লক্ষ্য করে হামলা করা হলেও অল্পের জন্য তিনি রক্ষা পেয়েছেন।মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন সমপ্রতি এক বক্তব্যে ভোটার তালিকায় ‘অপ্রয়োজনীয় ত্রুটি’ থাকার কথা স্বীকার করেন। রোববারের উপনির্বাচনে ৪৮টি আসনে ১৭টি দলের ১৭৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী আটজন। তবে নির্বাচনের ফলাফল যা-ই হোক না কেন, তা পার্লামেন্টে ক্ষমতাসীন দলের সংখ্যাগরিষ্ঠতায় কোনো প্রভাব ফেলবে না।পর্যবেক্ষকেরা বলছেন, নির্বাচনে জয়ী হলে সু চির সামনে দেশটির চলমান সংস্কার ও পরিবর্তনে সামনে থেকে পরামর্শ দেওয়ার সুযোগ আসবে। ধারণা করা হচ্ছে, সেনা-সমর্থিত সরকার তাঁকে মন্ত্রিত্বের প্রস্তাব দেবে। মিয়ানমারের পার্লামেন্টের নিম্নকক্ষে ৪৪০টি আসন রয়েছে। এর মধ্যে নির্বাচিত প্রতিনিধির সংখ্যা ৩৩০ জন। উচ্চকক্ষে রয়েছে ২২৪টি আসন। এর মধ্যে নির্বাচিত প্রতিনিধি ১৬৮জন। এএফপি, বিবিসি।উল্লেখযোগ্যঘটনানভেম্বর ১৩, ২০১০দুই দশকের গৃহবন্দিত্বের অবসানজুলাই ২৫, ২০১১বিতর্কিত বেসামরিক সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠকআগস্ট ১৪মুক্তির পর প্রথম রাজনৈতিক সফরআগস্ট ১৯মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে বৈঠকনভেম্বর ২৫এনএলডির রাজনৈতিক দলহিসেবে পুনর্নিবন্ধনডিসেম্বর ১মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে বৈঠকজানুয়ারি ১৮, ২০১২উপনির্বাচনে অংশ নিতে নিবন্ধনফেব্রুয়ারি-মার্চএনএলডির পক্ষে নির্বাচনী প্রচারণা এএফপি