উপনির্বাচনে অংশ নিচ্ছেন সু চি
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি পার্লামেন্টের আসন্ন উপনির্বাচনে অংশ নেবেন। সু চির মুখপাত্র গতকাল সোমবার এ তথ্য দিয়েছেন। ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নেওয়ার দুই দিনের মাথায় নির্বাচন নিয়ে সু চি তাঁর পরিকল্পনার কথা জানালেন। এনএলডির মুখপাত্র নায়ান উইন বলেছেন, ‘সু চি নির্বাচনে অংশ নেওয়ার মনস্থির করেছেন।’ গত শুক্রবার এনএলডির বৈঠকের আগে সু চি ইঙ্গিত দিয়েছিলেন, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল হিসেবে এনএলডির পুনর্নিবন্ধন করারও সিদ্ধান্ত নেন। এনএলডি গত বছর অনুষ্ঠিত নির্বাচন বর্জন করেছিল। প্রেসিডেন্ট থেইন সেইন গত শনিবার ইন্দোনেশিয়ায় সাংবাদিকদের বলেন, এনএলডির মূল ধারার রাজনীতিতে ফিরে আসার খবরে তিনি খুশি। থেইন সেইন বলেন, ‘আমরা আমাদের দেশের উন্নয়ন চাই। বিষয়টি নিয়ে আমরা সবাই চিন্তা করছি।’ সু চির সঙ্গে প্রথমবারের মতো কথা বলার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার বলেছেন, হিলারি ক্লিনটন আগামী মাসে মিয়ানমার সফরে আসছেন, যা হবে ৫০ বছরের মধ্যে কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রথম মিয়ানমার সফর। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে যোগদান শেষে ওবামা বলেন, কয়েক দশক ধরে সামরিক শাসনে বিপর্যস্ত ও আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন একটি দেশের গণতান্ত্রিক সংস্কারের পালে হাওয়া দিতেই হিলারি ক্লিনটনের মিয়ানমার সফর চূড়ান্ত করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর দুই দিনের সফরে মিয়ানমার যাবেন হিলারি। পার্লামেন্টের ৪৮টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এই নির্বাচনের তারিখ এখনো ঘোষণা করা হয়নি। এএফপি।