উপনির্বাচনে গিলানির ছেলেকে মনোনীত করেছে পিপিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির শূন্য হওয়া আসনে উপনির্বাচনে তাঁর ছেলেকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। দেশটির সুপ্রিম কোর্ট সম্প্রতি গিলানিকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করেন।পিপিপি গত শনিবার ঘোষণা দিয়েছে, গিলানির মুলতানের আসনে উপনির্বাচনে তাঁর ছেলে আবদুল কাদির গিলানি প্রতিদ্বন্দ্বিতা করবেন। গিলানির মেয়ে ফিজা বাতুলও এ ব্যাপারে টুইটারে একটি বার্তা পোস্ট করেছেন। তাতে তিনি বলেছেন, ‘মুলতানের উপনির্বাচনে পিপিপি সৈয়দ আবদুল কাদির গিলানিকে মনোনীত করেছে।’ আরেকটি বার্তায় তিনি লিখেছেন, ‘জনগণের আদালত আগামী ১৯ জুলাই রায় দেবে।’ ওই দিন উপনির্বাচন অনুষ্ঠিত হবে।আবদুল কাদির বর্তমানে পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সদস্য। গিলানির আরেক ছেলে আলী মুসা সম্প্রতি পার্লামেন্টের নিম্নকক্ষ অর্থাৎ জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। তবে কাদির ও মুসার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। আলী মুসার বিরুদ্ধে বিপুল পরিমাণ নিয়ন্ত্রিত ওষুধ আমদানির ক্ষেত্রে অনিয়মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আবদুল কাদিরের বিরুদ্ধে রয়েছে হজ ব্যবস্থাপনায় দুর্নীতির অভিযোগ। তবে দুই ভাই-ই এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের বাবা বলেন, তাঁর ছেলেরা ষড়যন্ত্রের শিকার। পিটিআই।