উপনির্বাচনে পর্যবেক্ষকদের অনুমতি দেবে মিয়ানমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মাসে অনুষ্ঠেয় পার্লামেন্টের উপনির্বাচন পর্যবেক্ষণে মিয়ানমার তার প্রতিবেশী দেশগুলোর ২৩ জন পর্যবেক্ষককে অনুমতি দেবে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান গত মঙ্গলবার এ কথা জানিয়েছে। আগামী ১ এপ্রিল মিয়ানমারের ওই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এতে দেশটির বিরোধী দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী অং সান সু চি প্রথমবারের মতো একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংস্কার কর্মসূচি বাস্তবায়নে দেশটির সেনা-সমর্থিত বর্তমান সরকার সত্যিই আগ্রহী কি না, তার বড় পরীক্ষা হয়ে যাবে ওই উপনির্বাচনের মধ্য দিয়ে। দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি দেশের জোট আসিয়ানের এক বিবৃতিতে মঙ্গলবার বলা হয়, নির্বাচনী কার্যক্রম পরিদর্শন করতে ২৩ জন পর্যবেক্ষক পাঠাতে তাদের আমন্ত্রণ জানিয়েছে মিয়ানমার। এই ২৩ জনের মধ্যে ১৮ জন পার্লামেন্ট সদস্য।মিয়ানমারে সর্বশেষ ২০১০ সালে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে পর্যবেক্ষক, এমনকি আন্তর্জাতিক গণমাধ্যমের কর্মীদেরও প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ওই নির্বাচনে ব্যাপক প্রতারণা ও ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠে। সু চির দল ওই নির্বাচন বর্জন করায় তা আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা হারায়। তবে বিশ্লেষকদের মতে, এপ্রিলের উপনির্বাচনে সু চি একটি আসনে বিজয়ী হোন, সেটাই চাইছে বর্তমান সরকার। কেননা, সেটা হলে সরকারের সংস্কার কর্মসূচি বৈধতা পেতে পারে এবং পশ্চিমারা দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে পারে। এএফপি।