উপনির্বাচনে প্রার্থী হবেন সু চি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি দেশটির পার্লামেন্টের আসন্ন উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। অবশ্য এর আগে তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) পার্টিকে আবারও নিবন্ধন করার সুযোগ পেতে হবে। গতকাল শনিবার সু চির পার্টির এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।বিদেশ থেকে ১৯৮৮ সালে দেশে ফেরার পর সু চিকে রাজনৈতিকভাবে কোণঠাসা করে রাখা হয়। ১৯৯০ সালে নির্বাচনে তাঁর দল নিরঙ্কুশ বিজয় লাভ করলেও তৎকালীন জান্তা সরকার ক্ষমতা হস্তান্তর করেনি। বরং ২০ বছর ধরে সু চিকে কারাবন্দী কিংবা গৃহবন্দী করে রাখা হয়।দীর্ঘ ২০ বছর পর গত নভেম্বরে দেশটির প্রথম সাধারণ নির্বাচন হয়। এর কিছুদিন পর সু চিকে মুক্তি দেওয়া হয়। কিন্তু ওই নির্বাচনে অংশ না নেওয়ায় তাঁর এনএলডি দলকে নিষিদ্ধ করা হয়। যদিও দলটি এখনো কার্যক্রম অব্যাহত রেখেছে। এনএলডির মুখপাত্র নিয়ন উইন বলেছেন, কিছু সংশোধনী এনে তাঁদের পার্টি আবারও নিবন্ধনের চেষ্টা করবে। নিবন্ধনের সুযোগ পেলে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সু চি।তাঁর পার্টি আবারও নিবন্ধনের সুযোগ পেলে সু চি উপনির্বাচনে প্রার্থী হবেন কি না, প্রায় এক মাস আগে এমন এক প্রশ্নের জবাবে সু চি রয়টার্সকে বলেন, এ ক্ষেত্রে তাঁকে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদন পেতে হবে। এ বছরের শেষদিকে পার্লামেন্টের বেশ কয়েকটি আসনে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে।গত মার্চে সেনা-প্রভাবিত বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে জান্তা। দেশটিকে গণতন্ত্রের পথে উত্তরণের জন্য নতুন সরকার কিছু সংস্কারকাজ শুরু করেছে। এ সময়ের মধ্যে শান্তিতে নোবেলজয়ী সু চির সঙ্গেও কয়েক দফা আলোচনা করেছে সরকার। আজ রোববার সরকারের একটি প্রতিনিধিদল সু চির সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। গত আগস্টে প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে বৈঠক করেন সু চি। কূটনৈতিক সূত্র জানায়, নতুন সরকার আন্তরিকভাবেই চাইছে সু চিসহ তাঁর এনএলডি দলের নেতারা নির্বাচিত হয়ে পার্লামেন্টে যাক। এর মধ্য দিয়ে সরকার তাঁর ভাবমূর্তি উজ্জ্বল করতে চায়। রয়টার্স।