উপনির্বাচনে ভোট দিতে পারবেন না সু চি
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি দেশটির পার্লামেন্টের আসন্ন উপনির্বাচনে একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি নিজে ভোট দিতে পারছেন না। তাঁর রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) একজন মুখপাত্র সোমবার এ কথা জানিয়েছেন।এনএলডির মুখপাত্র থেইন ও বলেন, আাাগামী ১ এপ্রিল অনুষ্ঠেয় ওই নির্বাচনে সু চি দলের পক্ষ থেকে দক্ষিণ ইয়াংগুনের কাহুম জেলার একটি আসন থেকে নির্বাচিত হওয়ার চেষ্টা করলেও সেখানে তিনি ভোট দিতে পারবেন না। কারণ তিনি ওই জেলায় বসবাস করেন না। থেইন ও জানান, সু চি বর্তমানে ইয়াংগুনের কেন্দ্রীয় একটি জেলায় বসবাস করেন। কাহুমে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করতে হলে সু চিকে তাঁর বাড়ির নিবন্ধন পরিবর্তন করতে হবে, যেটা খুবই জটিল একটা প্রক্রিয়া। তবে কাহুমে নিবন্ধন না করার সিদ্ধান্ত নির্বাচনে সু চির প্রার্থিতার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। তাঁর প্রার্থিতা এরই মধ্যে নির্বাচন কমিশনের মাধ্যমে অনুমোদিত হয়েছে। আর সু চির নিজ জেলাতে কোনো উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। সুতরাং, সেখানেও তাঁর ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। এপি।