উপনির্বাচনেও বেশির ভাগ আসন পেয়েছে নওয়াজের দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত পার্লামেন্টের ১৫টি আসনের উপনির্বাচনেও বেশির ভাগ আসন পেয়েছে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন)। গতকাল শুক্রবার এ উপনির্বাচনের ফল প্রকাশ করা হয়।নওয়াজ শরিফের দল অন্তত আরও পাঁচটি আসনে জয়ী হয়েছে। এ নিয়ে পাকিস্তানের ৩৪২ আসনের জাতীয় পরিষদে দলটির আসন সংখ্যা দাঁড়াল কমপক্ষে ১৮৯টিতে।আগের সরকারে থাকা পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) উপনির্বাচনে তিনটি আসনে জয়ী হয়েছে। সাবেক ক্রিকেট তারকা ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ পেয়েছে দুটি আসন। ধর্মনিরপেক্ষ ধারার দল আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি) পেয়েছে একটি। উপনির্বাচনে ভোটারদের উপস্থিতি গত মে মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের তুলনায় কম ছিল। খাইবার পাখতুনখাওয়ার প্রত্যন্ত অঞ্চলে জঙ্গিরা নারীদের ভোট কেন্দ্রে যেতে নিষেধ করেছিল। রয়টার্স।