উপনির্বাচনের ফল ও তার প্রতিক্রিয়া
কংগ্রেস উদ্বিগ্ন, নীতিশ কুমার কিঞ্চিৎ চিন্তিত, মুলায়ম ও মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত আশ্বস্ত এবং নরেন্দ্র মোদির হাসি আকণ্ঠবিস্তৃত। ভারতের পাঁচ রাজ্যের লোকসভা ও বিধানসভার উপনির্বাচনের ফলের নির্যাস সংক্ষেপে এই। গুজরাট, বিহার, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গের মোট চারটি লোকসভা এবং ছয় বিধানসভার উপনির্বাচনের পর দেশের রাজনৈতিক মহলের দৃষ্টি এখন গোয়ার দিকে। শুক্রবার থেকে সেখানে শুরু হতে চলেছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি কোন ভূমিকায় অবতীর্ণ হবেন, ওই বৈঠকেই তার ইঙ্গিত পাওয়ার কথা।কর্ণাটক জয়ের পর এই উপনির্বাচনে কংগ্রেসের হাল যে এত খারাপ হবে, দলের হাইকমান্ড তা কল্পনাও করেনি; বিশেষত গুজরাটে। সেখানে লোকসভার দুটি এবং বিধানসভার চারটি আসনের সব কটিই কংগ্রেস খুইয়েছে বিজেপির কাছে। বিহারের মহারাজগঞ্জে লালুপ্রসাদ যাদব চ্যালেঞ্জ জানিয়েছিলেন নীতিশ কুমারের জনতা দলকে (সংযুক্ত)। টানা সাত বছর পর ওই রাজ্যে কোনো উপনির্বাচনে লালু হারালেন নীতিশকে। পশ্চিমবঙ্গে হাওড়ায় তৃণমূল কংগ্রেস ত্রিমুখী লড়াইয়ে অল্প ব্যবধানে জিতেছে। উত্তর প্রদেশের হান্ডিয়া বিধানসভা দখলে রেখেছেন মুলায়ম সিং যাদব। শাসক দলের একমাত্র সান্ত্বনা, মহারাষ্ট্রের জগতমাল বিধানসভা। এই ফলাফলে কংগ্রেস যতটা হতোদ্যম, ঠিক ততটাই উৎফুল্ল নরেন্দ্র মোদি। গোয়ায় দলীয় বৈঠকের আগে এই ফল তাঁর প্রধানমন্ত্রী হওয়ার বাসনার পালে বাড়তি হাওয়া জোগাবে। মোদিকে নির্বাচনের প্রচার কমিটির প্রধান করার যে চেষ্টা দলের একাংশ করছে, (মোদি নিজেও যে বিষয়ে আগ্রহী) তা বাস্তবায়িত করতে বাড়তি আগ্রহ নিশ্চয় দেখা দেবে। কংগ্রেসের একাংশের ধারণা, একমাত্র খাদ্য সুরক্ষা আইনই দলের মরা গাঙে ঢেউ তুলতে পারে। দেশের ৬৭ শতাংশ মানুষকে প্রায় বিনা মূল্যে খাদ্য দেওয়ার অঙ্গীকার কীভাবে বাস্তবায়িত হবে, সংসদের বিশেষ অধিবেশন ডেকে, নাকি অর্ডিন্যান্সের মাধ্যমে—সেই সিদ্ধান্ত দলকে নিতে হবে দ্রুত।