যুক্তরাজ্যের একটি গুরুত্বপূর্ণ উপনির্বাচনে হেরে গেছে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কনজারভেটিভ পার্টি। দলটি এককথায় তার জোটের অংশীদার লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং ইউরোপীয় ইউনিয়নবিরোধী ইউকে ইনডিপেনডেন্স পার্টির (ইউকেআইপি) কাছে ধরাশায়ী হয়েছে। এতে করে ব্যাপক চাপে পড়েছেন ক্যামেরন।দক্ষিণ ইংল্যান্ডের ওই আসনে উপনির্বাচনের ফল গতকাল শুক্রবার প্রকাশ করা হয়। ক্যামেরন স্বীকার করেছেন, তাঁর দলের জন্য রাতটা ছিল সত্যিই ‘হতাশাজনক’। কেননা বিগত এক প্রজন্মের মধ্যে এই উপনির্বাচনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছিল।কনজারভেটিভদের আশা ছিল, তারা ওই উপনির্বাচনে অন্তত দ্বিতীয় স্থান পাবে। তবে আদতে তারা পেয়েছে তৃতীয় স্থান। দ্বিতীয় স্থানটি দখল করে নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও অভিবাসনবিরোধী দল ইউকেআইপি, যারা এই প্রথম এত বড় সাফল্য পেল।ক্যামেরন বলেছেন, তিনি আত্মবিশ্বাসী, আসছে সাধারণ নির্বাচনে কনজারভেটিভরা তাদের সমর্থন ফিরে পাবে। আগামী ২০১৫ সালে দেশটিতে পরবর্তী সাধারণ নির্বাচন হওয়ার কথা। তিনি বিবিসিকে বলেন, কনজারভেটিভ দলের জন্য এটা একটা হতাশাজনক ফল। তবে এটা পরিষ্কার যে একটি মধ্যবর্তী উপনির্বাচনে জনগণ প্রতিবাদের ভাষা ব্যবহার করে থাকে।তবে ইউকেআইপির নেতা নিগেল ফারাজ এটা মানতে নারাজ। তিনি বলেছেন, তাঁর দল এই সর্বোচ্চ সাফল্য পাওয়া এই ভোট কোনোমতেই একটি ‘প্রতিবাদের ভোট’ ছিল না।অন্যদিকে ক্যামেরনের জোট সরকারের শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির জন্য এই উপনির্বাচন ছিল কেলেঙ্কারি থেকে উত্তরণের নির্বাচন। দলটির নেতা ও জ্বালানিমন্ত্রী ক্রিস হুহান ওই কেলেঙ্কারির নায়ক। অভিযোগ ওঠে, তিনি দ্রুত গতিতে গাড়ি চালানোর দায়ে জরিমানা এড়াতে লোকজনকে একটি লাইসেন্স নেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। এটা প্রচলিত আইনের সঙ্গে সংগতিপূর্ণ ছিল না। পরে এ ঘটনার দায় স্বীকার করে পদত্যাগ করেন তিনি। এতে করে দক্ষিণ ইংল্যান্ডের ওই আসনটি শূন্য হয়ে যায়। ওই আসনে উপনির্বাচনে জয়লাভের মাধ্যমে লিবারেল ডেমোক্রেটিক পার্টি সেই কেলেঙ্কারি থেকে রেহাই পেল। পাশাপাশি দলটির সাবেক প্রধান নির্বাহী ক্রিস রেনার্ডের হাতে দলের একজন নারী সদস্যকে যৌন হয়রানির শিকার হওয়ার ঘটনা নিয়ে দলে বিভেদ সৃষ্টি হয়েছিল। এখন সেই বিভেদ থেকেও বেরিয়ে আসতে পারল দলটি। দলটির নেতা ও বর্তমানে দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী নিগেল ক্লেগ তাঁর সমর্থকদের উদ্দেশে বলেছেন, তাঁরা ‘বিশেষভাবে প্রতিকূল অবস্থা’য় নির্বাচনে জয়লাভ করেছেন। যুক্তরাজ্যের বর্তমান জোট সরকার বাজেট ঘাটতি কমাতে বেশ কিছু অজনপ্রিয় ব্যয় সংকোচন নীতির সিদ্ধান্ত নিয়েছে, যা তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি ইউকেআইপি নেতা ফারাজের মতে, ক্যামেরন সমলিঙ্গের বিয়ে, বায়ুচালিত ঘূর্ণনযন্ত্র, ভারত থেকে সীমাহীন অভিবাসী গ্রহণ এবং তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করার মতো বিষয়ে কথা বলে ভোটারদের আস্থা হারিয়েছেন।এ ছাড়া কনজারভেটিভ দলের জ্যেষ্ঠ নেতা এর আগে সতর্ক করে দিয়েছিলেন, এই উপনির্বাচনে তৃতীয় স্থান পেলে তা হবে তাঁদের দলের জন্য একটা ‘সংকট’। এটা ক্যামেরনের নেতৃত্বকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করতে পারে।সব মিলিয়ে নির্বাচনের এই ফল প্রধানমন্ত্রী ক্যামেরনকে চরমভাবে লজ্জা দিয়েছে। বর্তমানে তিনি ব্যাপক চাপের মধ্যে আছেন বলে মনে করা হচ্ছে।