আঠারো শতকে ক্ষতিগ্রস্ত এক জাহাজে নির্জন দ্বীপ ‘রবিনসন ক্রুসো’য় ভেসে আসা একজন সমুদ্রযাত্রীর সত্যিকার ঘটনা নিয়ে লেখা ড্যানিয়েল ডিফোর বিখ্যাত উপন্যাসের কাহিনি কাকে না দোলা দেয়। কিন্তু প্রকৃত রবিনসন ক্রুসোর সঙ্গে তাঁর এই উপন্যাসের বর্ণনার এতটাই অমিল যে কেউ দ্বীপটি না দেখলে হয়তো বিশ্বাসই করবেন না।উপন্যাসে রবিনসন ক্রুসো দ্বীপের যে দৃশ্য আমাদের সামনে ফুটে উঠে, তাতে মনে হয়, সেটি ক্যারিবীয় অঞ্চলের রোদ ঝলমলে তালবীথিবেষ্টিত সৈকতের এক চমৎকার দ্বীপ। এককথায়, ক্ষতিগ্রস্ত জাহাজে ভেসে আসা কোনো সমুদ্রযাত্রীর জন্য তা মোটেই খারাপ নয়।ড্যানিয়েল ডিফো এই স্বপ্নিল দ্বীপ নিয়ে যে উপন্যাসই রচনা করুন না কেন, বাস্তবের সঙ্গে তার আদৌ মিল নেই। বাস্তবের রবিনসন ক্রুসো চিলির উপকূল থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ। প্রায়ই ফিকে কুয়াশায় ঢাকা দেখা যায় একে। হুয়ান ফার্নান্দেজ দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ এটি। ভূখণ্ডটি চিলির মালিকানাধীন।১৭০৪ সালে একটি ব্রিটিশ দস্যু জাহাজ এ দ্বীপে এসে নোঙর করে। অন্য জাহাজের সঙ্গে লড়াইয়ের পর জাহাজটিতে ছিদ্র দিয়ে পানি ঢোকা শুরু করে। জাহাজের নাবিকদের একজন ছিলেন তরুণ বয়সী স্কটল্যান্ডের নাগরিক আলেকজান্ডার সেলকার্ক। সেলকার্কের কথায়, জাহাজটির এমন হাল হয়েছিল যে সেটি নিয়ে নতুন করে যাত্রার চিন্তা করা ছিল অবান্তর। বিষয়টি তিনি ক্যাপ্টেনকে জানিয়েও ছিলেন। এরপর ঠিক কী ঘটেছিল, তা স্পষ্ট নয়। সেলকার্ক ওই জাহাজে আবারও যাত্রা করতে অস্বীকৃতি জানান, নাকি তাঁকে একাই দ্বীপটিতে জোরপূর্বক ফেলে যাওয়া হয়; তা নিয়ে বিতর্ক রয়ে গেছে। তবে জনবসতিহীন (তৎকালে) সেই ছোট্ট দ্বীপটিতে তিনি একা রয়ে গেলেন। সেখানে পরবর্তী চার বছর চার মাস সম্পূর্ণ একা কাটিয়ে দেন তিনি। বেঁচে থাকেন মাছ, বেরি (ক্ষুদ্র রসাল ফল) আর বুনো ছাগলের মাংস খেয়ে।১৭০৯ সালের কোনো একদিন আরেকটি ব্রিটিশ জাহাজ দ্বীপটির কাছ দিয়ে যাচ্ছিল। ভাগ্যক্রমে সেটি দেখতে পান সেলকার্ক। এতেই বেঁচে যান তিনি। নিঃসঙ্গ দ্বীপ ছেড়ে ফিরে আসেন লন্ডনের মাটিতে। জাহাজের ক্যাপ্টেনের ভাষায়, ‘তখন সেলকার্কের পরনে ছিল ছাগলের চামড়ার পোশাক। দেখতেও যেন সে এক বন্য মানুষ।’লন্ডনে ফেরার পর সেলকার্ক ছোটখাটো একজন তারকা হয়ে ওঠেন। তাঁর বিচিত্র দ্বীপবাসের কাহিনি শুনে ঔপন্যাসিক ড্যানিয়েল ডিফো রচনা করেন উপন্যাস রবিনসন ক্রুসো। ১৭১৯ সালে এটি প্রকাশিত হয়। ডিফো সেলকার্কের ওই কাহিনিতে ঢালাও পরিবর্তন আনেন। উপন্যাসে তিনি দ্বীপটিকে নিয়ে যান ক্যারিবীয় অঞ্চলে। আর তাতে নিয়ে আসেন নরখাদকদের। এদেরই একজন ফ্রাইডে। পরে সে হয়ে উঠে ক্রুসোর (সেলকার্ক) বিশ্বস্ত ভৃত্য।এ ছাড়া, দ্বীপটিতে সেলকার্ক বাস্তবে চার বছরের কিছু বেশি সময় কাটালেও উপন্যাসে দেখানো হয়েছে, ক্রুসো সেখানে পার করেছেন ২৮ বছর দুই মাস ১৯ দিন। উপন্যাসে দ্বীপকে তামাক, কোকো ও গ্রীষ্মমণ্ডলীয় বড় বড় গাছগাছালিতে পূর্ণ স্থান হিসেবে বর্ণনা করা হলেও বাস্তবে সেখানে কখনোই এর অস্তিত্ব পাওয়া যায়নি। বর্তমানে সেখানে প্রায় ৮০০ লোক বসবাস করে। চিংড়ি শিকার ও পর্যটনই তাদের জীবিকার উৎস। বিবিসি।