থাইল্যান্ডের সরকারবিরোধী বিক্ষোভকারীরা এবার নতুন দাবি তুলেছেন। গত ১০ এপ্রিল বিক্ষোভকারীদের লক্ষ্য করে সেনাদের গুলি চালানোর ঘটনায় উপপ্রধানমন্ত্রী সুথেপ থাংসুবানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ তোলার দাবি করেছেন তাঁরা। তবে সরকারের পক্ষ থেকে এ দাবিকে অস্পষ্ট বলে উল্লেখ করা হয়েছে।বিক্ষোভকারীদের নেতা নাট্টাওট সাইকুয়ার গতকাল মঙ্গলবার বলেন, ১০ এপ্রিল সেনাদের গুলি চালানোর জন্য উপপ্রধানমন্ত্রী সুথেপ দায়ী। তাঁর বিরুদ্ধে অবশ্যই মামলা করতে হবে। তিনি বলেন, ‘আমরা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নিতে প্রস্তুত। কিন্তু সুথেপের বিচার করতে হবে। এ দাবি না মানা হলে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে।’ বিক্ষোভকারীদের আরেক নেতা ওয়েং তোজিরকর্ন বলেন, খুনের দায় কেউ এড়াতে পারে না। এ ঘটনায় যারা দায়ী তাদের বিচার অবশ্যই করতে হবে।গতকাল রাজধানী ব্যাংককে দেশটির গোয়েন্দা সংস্থা ডিপার্টমেন্ট অব স্পেশাল ইনভেস্টিগেশন (ডিএসআই) কার্যালয়ে যান উপপ্রধানমন্ত্রী সুথেপ। তাঁর বিরুদ্ধে বিক্ষোভে নিহত ব্যক্তিদের স্বজনদের উত্থাপিত অভিযোগ শুনতে তিনি সেখানে যান। উপপ্রধানমন্ত্রী সুথেপ ডিএসআই কর্মকর্তাদের বলেন, ‘আমি জানি তাঁরা (বিক্ষোভকারী) বিক্ষোভ চালিয়ে যেতে নতুন নতুন অজুহাত খুঁজবে। তার পরও এখানে হাজির হয়ে আমি আমাদের আন্তরিকতার বিষয়টি স্পষ্ট করতে চাইছি।’সরকারের মুখপাত্র পানিতান ওয়াত্তানায়াগর্ন বলেন, বিক্ষোভকারীরা আসলে কী চাইছে তা স্পষ্ট নয়। সরকার বর্তমান সংকট সমাধানে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু বিক্ষোভকারীরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দাবি তুলছে। সরকারবিরোধী বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী আপিসিত সম্প্রতি একটি রোডম্যাপ ঘোষণা করেন। এতে তিনি ১৪ নভেম্বর নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দেন। বিক্ষোভকারীরা এ রোডম্যাপ মেনে নিয়ে তাতে স্বাক্ষরও করেন। কিন্তু পরে পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দেওয়ার সুনির্দিষ্ট তারিখের দাবিতে তাঁরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। গতকাল তাঁরা উপপ্রধানমন্ত্রী সুথেপের বিচারের নতুন দাবি উত্থাপন করেন। রোডম্যাপে স্বাক্ষরের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘটনায় গত রোববার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রধানমন্ত্রী আপিসিত। আন্দোলন প্রত্যাহার করা না হলে তিনি নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি থেকে সরে যাওয়ারও হুমকি দিয়েছিলেন। প্রায় দুই মাস ধরে সরকারবিরোধী বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক ‘লাল শার্ট পরা’ বিক্ষোভকারীরা। বিক্ষোভের সময় সহিংসতায় অন্তত ২৯ জন নিহত ও এক হাজার মানুষ আহত হয়েছেন। এএফপি, রয়টার্স।