উপসাগরীয় দেশগুলোর স্বার্থে পারমাণবিক সমঝোতা: জারিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ উপসাগরীয় আরব দেশগুলোকে আশ্বস্ত করেছেন, সবার স্বার্থেই তেহরান পাশ্চাত্যের সঙ্গে পারমাণবিক চুক্তি করেছেন। তিনি এই বার্তা পৌঁছে দিতে সৌদি আরব সফরেও যাবেন। গতকাল রোববার কুয়েতে তিনি এ কথা বলেন।
কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ সাবাহ খালেদ আল-সাবাহর সঙ্গে রাজধানী কুয়েত সিটিতে গতকাল বৈঠক করেন জারিফ। বৈঠক শেষে তিনি বলেন, এ অঞ্চলের সব দেশের স্বার্থ রক্ষা করেই বিষয়টির সমাধান করা হবে। উপসাগরীয় দেশগুলোর উদ্দেশে জারিফ বলেন, ‘আপনাদের আশ্বস্ত করতে চাই, এ অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থেই এই পারমাণবিক চুক্তি করা হয়েছে।’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জারিফ এই প্রথম কোনো উপসাগরীয় দেশে সফরে গেলেন। ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা চলছিল। গত সপ্তাহে জেনেভায় ছয় পরাশক্তির সঙ্গে ইরানের সমঝোতা হয়।
ছয় পরাশক্তি ও ইসরায়েল অভিযোগ করছিল, তেহরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। তবে ইরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করছে। উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) ছয় সদস্যদেশের সঙ্গে ইরানের সম্পর্ক ভালো ছিল না। বিশেষ করে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে তেহরান সমর্থন দেওয়ায় এ সম্পর্কের আরও অবনতি হয়। তবে হাসান রুহানি প্রেসিডেন্ট হওয়ার পর প্রতিবেশী, বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করেছিলেন। এএফপি।