উপসাগরীয় দেশগুলোতে ইসরায়েল ও ইরানের গোয়েন্দা সক্রিয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েল ও ইরানের গোয়েন্দা কার্যক্রম উপসাগরীয় দেশগুলোতে সক্রিয় রয়েছে। এসব দেশের গোয়েন্দারা ইউরোপের পাসপোর্ট বহন করছেন এবং তাঁরা বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ধরনের পদে কাজ করছেন। দুবাই পুলিশের প্রধান দাহি খালফান এ দাবি করেন। খবর পিটিআইয়ের।দাহি খালফান বলেন, পশ্চিমারা ইরানে হামলার পরিকল্পনা করছে এবং গুপ্তচরবৃত্তির মাধ্যমে তারা ইতিমধ্যে এর প্রস্তুতি শুরু করে দিয়েছে। এ অঞ্চলে যেসব গোয়েন্দা কার্যক্রম চলছে তার বেশির ভাগ পরিচালনা করছে ইসরায়েল। তবে ইরানের গোয়েন্দারাও বর্তমানে এখানে অবস্থান করছেন।এদিকে দুবাই পুলিশ তদন্ত করে বের করেছে, এ বছরের ১৯ জানুয়ারি সে দেশের এক হোটেলে হামাস নেতা মাহমুদ আল মাবুহ হত্যার পেছনে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ জড়িত। তারা এ হত্যাকাণ্ডের সময় ইউরোপীয় পাসপোর্টের অপব্যবহার করেছে।দাহি খালফান বলেন, ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা সে সময় প্রতারণা করে বিভিন্ন দেশের পাসপোর্ট ব্যবহার করেছেন। তিনি বলেন, আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের ধ্বংস করা সম্ভব। কিন্তু দেশগুলো যখন সংঘবদ্ধ হয়ে অপরাধের সঙ্গে জড়িত হয়, তখন সেটা অবশ্যই আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ।