উপাচার্যের পদ থেকে ইমরান খানের অব্যাহতি দাবি

উপাচার্য হয়েও বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে ক্রমাগত অনুপস্থিত থাকার কারণে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইমরান খানের বিরুদ্ধে বেজায় অসন্তুষ্ট ইউনিভার্সিটি অব ব্র্যাডফোর্ডের শিক্ষার্থীরা।
সাবেক এই ক্রিকেটার এখন দেশের অন্যতম রাজনীতিবিদ হিসেবে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ফলে ২০১০ সালের পর থেকে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রিধারীদের সনদ প্রদানের একটি অনুষ্ঠানেও তিনি হাজির হতে পারেননি। আজ বুধবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
২০০৫ সালের ডিসেম্বরে ইমরান খানকে লন্ডনের এই বিশ্ববিদ্যালয়ের পঞ্চম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে ইমরান খানকে সরিয়ে দেওয়ার প্রস্তাব তুলেছে ছাত্র ইউনিয়ন। মহসীন তানভীর নামের একজন ছাত্রের দেওয়া এই প্রস্তাবের ওপর আগামী মাসে ছাত্র ইউনিয়নে ভোটাভুটি অনুষ্ঠিত হবে।
তানভীর বলেন, ‘উপাচার্যের সঙ্গে নিয়মিত ওঠাবসার সুযোগ থেকে বঞ্চিত হয়ে অনেক শিক্ষার্থী নাখোশ।’
তবে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী অধ্যাপক ব্রিয়ান ক্যানটর শিক্ষার্থীদের প্রতি সমবেদনা ও ইমরান খানের প্রতি সমর্থন জানান। তিনি বলেন, ‘পাকিস্তানের রাজনীতিতে আমাদের উপাচার্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। দেশটিতে সন্ত্রাস, শিক্ষা ও দরিদ্রতার মতো গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে। কিছু সময় ধরে বিশ্ববিদ্যালয়ের পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপাচার্য উপস্থিত থাকতে না পারায় শিক্ষার্থীদের হতাশা আমি বুঝতে পারি। শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানাচ্ছি, তারা যেন পাকিস্তানের পরিস্থিতি বিবেচনা করে দেশটির প্রতি ইমরান খানের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতি সহানুভূতিশীল হয়।’