উভয় দেশই শান্তি-প্রক্রিয়া ধরে রাখতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাশ্মীর সীমান্তে গোলাগুলিতে এক পাকিস্তানি ও দুই ভারতীয় সেনা নিহত হওয়ার ঘটনায় নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে বাগ্যুদ্ধের সুযোগ থাকলেও উভয় দেশের নেতারাই বেশ সংযত রয়েছেন। চির প্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশীর মধ্যে চলমান শান্তি-প্রক্রিয়া নাজুক হলেও উভয় পক্ষ তা অব্যাহত রাখতে চায়। কাশ্মীরে ভারত-পাকিস্তান সীমান্ত নিয়ন্ত্রণরেখায় (এলওসি) গত রোববার বন্দুকযুদ্ধে পাকিস্তানি একজন সেনাসদস্য নিহত হন। এলওসিতে পাকিস্তানের হামলার ঘটনাকে ‘অমানবিক’ ও ‘কাপুরুষোচিত’ বলে মন্তব্য করেছেন ভারতের কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী ও সামরিক কর্মকর্তা। ওই ঘটনায় নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনারকে তলবও করা হয়। এ ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার বলেন, নয়াদিল্লির প্রতিক্রিয়ায় তিনি ‘মর্মাহত’। তিনি বলেন, ‘পরস্পরের পেছনে লাগার’ সময় এখন নয়।পরিস্থিতি শান্ত করতে উভয় দেশের কূটনীতিকেরাও তৎপর হয়েছেন। নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার সালমান বশির বলেন, পাল্টাপাল্টি অভিযোগ না করে যথাসম্ভব সংযত থাকার বিষয়টি গুরুত্বপূর্ণ। ২০০৮ সালে মুম্বাই নগরে সন্ত্রাসী হামলার পর থেকে ভারত-পাকিস্তান সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। ভারত ওই ঘটনার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গিদের দায়ী করে আসছে। এর পর থেকে দুই দেশের নেতারা কয়েক দফা শান্তি আলোচনায় বসলেও তেমন অগ্রগতি হয়নি। ভিসাচুক্তি বহাল থাকবে: এলওসির ঘটনায় বিরাজমান উত্তেজনা সত্ত্বেও দুই দেশের মধ্যে সম্পাদিত ভিসাচুক্তি বহাল থাকবে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে গতকাল এ ঘোষণা দিয়েছেন। এএফপি ও পিটিআই।