এত দিন সরকার গড়তে অস্বীকৃতি জানালেও আম আদমি পার্টি (এএপি) শেষ পর্যন্ত দিল্লিতে সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় চাইল। গতকাল শনিবার দলের নেতা অরবিন্দ কেজরিওয়াল দিল্লির উপরাজ্যপাল নাজিব জংয়ের সঙ্গে দেখা করে ১০ দিনের সময় চান।
একই সঙ্গে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও বিজেপির সভাপতি রাজনাথ সিংকে কেজরিওয়াল চিঠি লিখে সমর্থন নিয়ে শর্তারোপ করলেন। সেই চিঠির প্রতিলিপি তিনি উপরাজ্যপালকে দিয়ে বলেন, চিঠির জবাব পেলে তা তিনি দিল্লির জনতার কাছে রাখবেন ও সে বিষয়ে জনগণের মতামত নিয়ে সিদ্ধান্ত নেবেন।
উপরাজ্যপাল নাজিব জং গত শুক্রবার বিজেপিকে সরকার গঠনের আহ্বান জানান। বিজেপির পরিষদীয় দলের নেতা হর্ষবর্ধন তাঁদের অপারগতার কথা জানিয়ে দেন। পাশাপাশি, কংগ্রেসের পক্ষ থেকে উপরাজ্যপালকে চিঠি দিয়ে বলা হয়, এএপি সরকার গড়লে কংগ্রেসের আট সদস্য বাইরে থেকে সরকারকে সমর্থন দেবে। রাজ্য বিধানসভায় সংযুক্ত জনতা দলের জয়ী একমাত্র সদস্যও সমর্থনের কথা জানিয়ে চিঠি দেন। ফলে ২৮ আসন পাওয়া এএপির সদস্য ৩৭ জনে দাঁড়াচ্ছে। ৭০ আসনের বিধানসভায় সরকার গড়তে ৩৬ আসন দরকার। দুটি দলের চিঠি পেয়ে উপরাজ্যপাল এএপি নেতাকে সরকার গঠনের বিষয়ে তাঁদের মতামত জানতে ডেকে পাঠান।
এএপির নেতৃত্ব শুরু থেকেই সরকার গঠনে অনিচ্ছার কথা জানিয়ে আসছিলেন। কিন্তু কংগ্রেসের প্রস্তাবের পর সরাসরি তাঁদের পক্ষে ‘না’ বলা জটিল হয়ে পড়ে। কারণ, এর ফলে তাঁরা যে দায়িত্ব পালনে প্রস্তুত নন, তা প্রমাণিত হবে। লোকে বুঝবে, তাঁরা দায়িত্ব এড়াতে চাইছেন। প্রতিশ্রুতি দিলেও তাঁরা যে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসন দিতে সক্ষম নন, তা প্রমাণিত হবে। তা ছাড়া মানুষ তাঁদের প্রতি ভরসা ও বিশ্বাস হারাবে।
এএপির নেতারা বুঝতে পারছেন, কংগ্রেসের সমর্থন নিয়ে সরকার গড়লে তাঁদের মর্জি অনুযায়ী তাঁরা চলতে বাধ্য হবেন। যেসব সংস্কারের প্রতিশ্রুতি তাঁরা দিয়ে জনরায় পেয়েছেন, সেগুলো বাস্তবায়িত করা কঠিন হয়ে দাঁড়াবে। তা ছাড়া সরকারের স্থায়িত্বও নির্ভর করবে তাদের ওপর। ফলে উভয়সংকটে পড়েছে দলটি। কেজরিওয়াল তাই সরাসরি কিছু না বলে উপরাজ্যপালের কাছে ১০ দিন সময় চাইলেন। অজুহাত হিসেবে খাড়া করলেন সোনিয়া ও রাজনাথকে লেখা চিঠির।
উপরাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর সোনিয়া ও রাজনাথকে পাঠানো চিঠির অনুলিপি তুলে ধরে কেজরিওয়াল সাংবাদিকদের বলেন, ১৭-১৮টি বিষয়ে কংগ্রেস ও বিজেপির স্পষ্ট অভিমত তাঁরা জানতে চেয়েছেন। যেমন, জন লোকপাল বিল তারা পাস করাতে আগ্রহী কি না, বিদ্যুৎ কোম্পানিগুলোর নিরীক্ষা করাতে তারা রাজি কি না, খাওয়ার পানির মাফিয়া রাজ অবসানে তাদের ভূমিকা কী হবে, বিধায়কদের কেন্দ্র তহবিল তুলে দেওয়ার বিষয়ে অভিমত কী ইত্যাদি। কেজরিওয়াল বলেন, ‘চিঠির জবাব পেলে আমরা তা নিয়ে জনতার কাছে যাব। তাঁদের মতামত নেব। সিদ্ধান্ত নেবেন জনগণই। তারপর উপরাজ্যপালকে আমাদের মতামত জানাব।’
১৮ ডিসেম্বরের মধ্যে সরকার গঠন করতে হবে। এএপি ১০ দিন সময় চেয়েছে। ফলে নির্দিষ্ট সময়ে সরকার গঠনের প্রক্রিয়া শুরু হচ্ছে না।