উমর পাতেকের ২০ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার বালি দ্বীপের নৈশ ক্লাবে বোমা হামলার ঘটনায় দোষী সাব্যস্ত উমর পাতেককে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাকার্তার একটি আদালত এ রায় ঘোষণা করেন। ২০০২ সালে চালানো ওই বোমা হামলায় ২০২ জন নিহত হয়।উমর পাতেক (৪৫) নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেমাহ ইসলামিয়ার সদস্য ছিলেন। সংগঠনটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট। পাকিস্তানের অ্যাবোটাবাদ শহর থেকে তাঁকে আটক করা হয়। এই অ্যাবোটাবাদ শহরেই মার্কিন বিশেষ বাহিনী অভিযান চালিয়ে আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করে। বালি দ্বীপে বোমা হামলায় জড়িত থাকা ছাড়াও ১৩টি বোমায় রাসায়নিক মেশানোর সঙ্গে পাতেকের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। ২০০০ সালে খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব বড়দিনের প্রাক্কালে জাকার্তার পাঁচটি গির্জায় এসব বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে প্রায় ১৫ জন নিহত হয়। বালি দ্বীপের নৈশ ক্লাবে বোমা হামলার তিন মূল পরিকল্পনাকারীর মৃত্যুদণ্ড ২০০৮ সালে কার্যকর করা হয়। এএফপি