উরুগুয়ের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক গেরিলা যোদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উরুগুয়ের একসময়ের গেরিলা যোদ্ধা হোসে মুজিকা গত সোমবার দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা, কলম্বিয়ার প্রেসিডেন্ট আলভারো ইউরাইব, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ, বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস, প্যারাগুয়ের প্রেসিডেন্ট ফার্নান্দো লুগো, ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া, স্পেনের যুবরাজ ফিলিপ, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন প্রমুখ উপস্থিত ছিলেন।দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নতুন প্রেসিডেন্ট হোসে মুজিকা বলেন, এ দেশ সবার জন্য এবং সবাইকে নিয়ে। বিরোধী দল, ব্যবসায়ী, ইউনিয়ন ও অন্যান্য সামাজিক খাতের মধ্যে মতৈক্য চায় তাঁর সরকার। গুরুত্ব পাবে দেশের অবকাঠামো নির্মাণ, সংস্কৃতি, বিদ্যুত্ উত্পাদন ও জননিরাপত্তা-সংক্রান্ত বিষয়।মুজিকা সাবেক প্রেসিডেন্ট তাবারে ভাজকুয়েজের কাছ থেকে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। তাবারে ২০০৫ সালে দক্ষিণ আমেরিকার ছোট দেশটির প্রথম বামপন্থী রাষ্ট্রপ্রধান হিসেবে ক্ষমতা গ্রহণ করেন। ভাজকুয়েজের প্রশাসনের সময় মুজিকা কৃষিমন্ত্রী ছিলেন। উরুগুয়েতে ১৯৭৩ থেকে ১৯৮৫ সালে চলা সামরিক একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই করা টুপামারোস আরবান গেরিলা দলের সদস্য ছিলেন মুজিকা। বিদ্রোহের সঙ্গে জড়িত থাকার দায়ে মোট ১৩ বছর জেল খাটতে হয় তাঁকে। উরুগুয়েতে গণতন্ত্র প্রতিষ্ঠার পর পপুলার পার্টিসিপেশন মুভমেন্টে যোগ দিয়ে স্বাভাবিক জীবন শুরু করেন মুজিকা।