উলফা নেতাকে ধরতে যৌথ অভিযান শুরু করছে ভারত-মিয়ানমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি নির্মূল করতে এবং উলফাপ্রধান পরেশ বড়ুয়াকে ধরতে ভারত ও মিয়ানমারের নিরাপত্তা বাহিনী তাদের নিজ নিজ সীমান্ত এলাকায় শিগগিরই একই সঙ্গে অভিযান শুরু করতে যাচ্ছে। ভারত ও মিয়ানমারের স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। তিন দিনের এ বৈঠক গত বৃহস্পতিবার মিয়ানমারের রাজধানী নেপিডোতে শেষ হয়েছে।ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘ভারত ও মিয়ানমারের নিরাপত্তা বাহিনী দুই মাস ধরে তাদের নিজ নিজ এলাকায় এ অভিযান চালাবে। এক দেশে অভিযানের সময় জঙ্গিরা যাতে অন্য দেশে আশ্রয় নিতে না পারে, সে জন্যই দুই দেশে একই সঙ্গে এ অভিযান চালানো হবে।’দেড় হাজার কিলোমিটারে বেশি দৈর্ঘ্যের ভারত-মিয়ানমার সীমান্তের দুই পাশে ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড (এনএসসিএন) এবং ইউনাইটেড লিবারেশন ফোরাম অব আসামের (উলফা) মতো বিভিন্ন জঙ্গি ও বিদ্রোহী সংগঠনের অনেক শিবির ও প্রশিক্ষণ কেন্দ্র আছে। উলফা নেতা পরেশ বড়ুয়া মিয়ানমারের কোচিন এলাকায় আত্মগোপন করে আছেন বলে ধারণা করা হচ্ছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, ‘মিয়ানমারের প্রতিনিধিদলকে আমরা জানিয়েছি, পরেশ বড়ুয়া তাদের এলাকায় পালিয়ে আছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। তারাও আমাদের প্রতিশ্রুতি দিয়েছে, যদি তিনি ওই এলাকায় থাকেন, তাহলে তাঁকে আটক করা হবে।’সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধ করতে ভারত ও মিয়ানমার দুই দেশের নিরাপত্তা বাহিনী সীমান্তে নজরদারি বাড়াবে বলেও ওই বৈঠকে সিদ্ধান্ত হয়।ভারতের স্বরাষ্ট্রসচিব জি কে পিল্লাই এবং মিয়ানমারের ব্রিগেডিয়ার জেনারেল ফোন সুয়ে বৈঠকে নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন। সীমান্ত নিরাপত্তা, জঙ্গিদের দুই দেশের মধ্যে অনুপ্রবেশ এবং সীমান্ত বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।ভারতীয় ওই কর্মকর্তা বলেন, ‘বৈঠকের ফলাফল খুবই ইতিবাচক। আমাদের সব ধরনের নিরাপত্তা উদ্বেগ এবং দুই দেশের মধ্যে উষ্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে মিয়ানমার পক্ষ আমাদের প্রতিশ্রুতি দিয়েছে।’ পিটিআই।