বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য যে মানবজাতিই সবচেয়ে বেশি দায়ী, সে বিষয়টি আরও স্পষ্ট করে জানিয়ে দিল জাতিসংঘের বিজ্ঞানীদের প্যানেল আইপিসিসি বা জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তসরকার প্যানেল।
গতকাল শুক্রবার সুইডেনের স্টকহোমে ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের (আইপিসিসি) সপ্তাহব্যাপী সম্মেলনে জলবায়ু পরিবর্তনবিষয়ক এক প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে দেখানো হয়, বিজ্ঞানীরা এখন ৯৫ ভাগ নিশ্চিত যে ১৯৫০ সালের পর থেকে মানুষই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য ‘সবচেয়ে বড় কারণ’। আইপিসিসির সর্বশেষ ২০০৭ সালের প্রতিবেদনে বলা হয়েছিল, বিজ্ঞানীরা এ বিষয়ে ৯০ ভাগ নিশ্চিত। প্রতিবেদনে জলবায়ু পরিবর্তনের পেছনে ভৌত প্রমাণগুলো বিশদভাবে তুলে ধরা হয়েছে।
আইপিসিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভূপৃষ্ঠ, বাতাস এবং সমুদ্রসহ সবখানে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির বিষয়টি ‘দ্ব্যর্থহীন’। এতে আরও বলা হয়েছে, গত ১৫ বছরে উষ্ণতা বৃদ্ধি থামানোর ক্ষেত্রে যেটুকু সফলতা এসেছে, দীর্ঘমেয়াদি প্রেক্ষাপটে তা একেবারেই নগণ্য।
আইপিসিসি বিশ্বের সরকারগুলোকে সতর্ক করে দিয়ে বলেছে, গ্রিনহাউস গ্যাস অব্যাহতভাবে নির্গত করা হলে বৈশ্বিক উষ্ণতা আরও বাড়বে এবং জলবায়ু ব্যবস্থার সব উপাদানই তখন পরিবর্তনের কবলে পড়বে। এই পরিবর্তন নিয়ন্ত্রণে রাখতে হলে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ‘উল্লেখযোগ্য হারে এবং টেকসইভাবে’ কমাতে হবে।
স্টকহোমে এক সপ্তাহ ধরে নিবিড় আলোচনার মাধ্যমে দর-কষাকষির পর নীতিনির্ধারকদের জন্য উষ্ণতা বৃদ্ধির ওপরে এই সারমর্ম প্রকাশ করা হলো। আইপিসি আগামী ১২ মাসের মধ্যে তিন খণ্ডে এই প্রতিবেদন প্রকাশ করবে। গতকাল ৩৬ পৃষ্ঠার প্রথম খণ্ড প্রকাশ করা হয়েছে। এতে অত্যন্ত খোলাখুলিভাবেই বলা হয়েছে, কয়েক দশক থেকে কয়েক সহস্রাব্দ পর্যন্ত সময় ধরে আমাদের জলবায়ু ব্যবস্থায় যেসব দৃশ্যমান পরিবর্তন হয়েছে, তা এককথায় ‘নজিরবিহীন’। গত তিন দশকের প্রতিটিতেই ভূপৃষ্ঠ টানা উত্তপ্ত হয়ে চলেছে। উত্তপ্ত হওয়ার এই হার ১৮৫০ সালের পর যেকোনো সময়ের চেয়ে নিশ্চিতভাবেই বেশি এবং সম্ভবত গত এক হাজার ৪০০ বছরের মধ্যে যেকোনো সময়ের চেয়েও বেশি।
আইপিসিসির ওয়ার্কিং গ্রুপের কো-চেয়ার কিন ডাহে বলেন, ‘বিজ্ঞানভিত্তিক মূল্যায়নে দেখা গেছে, বায়ুমণ্ডল ও সমুদ্র উত্তপ্ত হয়েছে, তুষার ও বরফের পরিমাণ কমেছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েছে এবং গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব বেড়েছে।’
প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৫০ সালের পর থেকে দৃশ্যমান তাপমাত্রা বৃদ্ধির অর্ধেকের বেশি অংশের জন্য যে মানুষই দায়ী, সে বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
ভবিষ্যতে উষ্ণতা বৃদ্ধির বিষয়ে প্রতিবেদনে যে অনুমান করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, চলতি শতাব্দীর শেষে উষ্ণতা বৃদ্ধি ১৮৫০-১৯০০ মেয়াদের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়াবে। বিবিসি ও রয়টার্স।