উসকানি দিলে আরও ক্ষতি হবে রাশিয়ার: ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারাক ওবামা
বারাক ওবামা

ইউক্রেনের নবনির্বাচিত প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ এর মাধ্যমে ওবামা নিজেদের ভবিষ্যৎ নিজেদের নির্ধারণে ইউক্রেনের অধিকারের প্রতি মার্কিন সমর্থন জানান দিলেন বলে মনে করা হচ্ছে৷ খবর এএফপি ও বিবিসির৷
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখোমুখি হওয়ার দুদিন আগে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে ওবামা-পোরোশেঙ্কোর মধ্যে এ বৈঠক হলো৷ কাল শুক্রবার ফ্রান্সে ওবামার সঙ্গে পুতিনের দেখা হচ্ছে৷ এর আগে পোল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ওবামা মস্কোকে হুঁশিয়াির উচ্চারণ করে বলেন, রাশিয়া আরও উসকানি দিলে আরও ক্ষতির মুখে পড়বে৷
ইউক্রেনের ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার প্রেক্ষাপটে পূর্ব ইউরোপে সৃষ্ট উদ্বেগ প্রশমনের চেষ্টার অংশ হিসেবে প্রেসিডেন্ট ওবামা ইউরোপ সফর করছেন৷ ডি-ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওবামা ফ্রান্সের নরম্যান্ডিতে রুশ নেতা পুতিনের মুখোমুখি হবেন৷ আর যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির নেতারা পুতিনের সঙ্গে আলাদা বৈঠক করবেন৷
ইউক্রেন-সংকট নিয়ে এ কূটনৈতিক প্রচেষ্টা এমন সময় শুরু হয়েছে, যখন দেশটির পূর্বাঞ্চলে সাত সপ্তাহ ধরে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী ও সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হচ্ছে৷